২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ছাত্রী নির্যাতন, দুই শিক্ষিকা বরখাস্ত

এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ দু’জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

মাদারীপুর, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ দু’জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়। অভিযুক্ত দু’জন হলেন প্রধান শিক্ষিকা মৈত্রী গোস্বামী ও সহকারী শিক্ষিকা ভারতী রাণী কুণ্ডু। ব্যবস্থাপনা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বক্কর বলেন, এই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। আহত মেয়েটিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মারধরে আহত বিপাশা মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুল ছাত্রীনিবাস থেকে পালিয়ে যায়। তাদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে প্রধান শিক্ষিকা মৈত্রী গোস্বামী তাকে প্রচণ্ড মারধর করেন। এ সময় বিপাশা চিৎকার করলে অপর শিক্ষিকা ভারতী রাণী কুণ্ডু গামছা দিয়ে তার মুখ চেপে ধরেন। তারপর দুজনে মিলে বিপাশাকে গাছের ডাল দিয়ে পেটান বলে জানান বিপাশা মল্লিক। বিপাশার মা শিল্পী মল্লিক বলেন, মারধরে বিপাশার পিঠ, বুক, উরু, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, নির্যাতনের পর তাকে ছাত্রীনিবাসে আটকে রাখা হয় ও এসএসসি’র প্রবেশপত্র কেড়ে নেওয়া হয়। পরে অনুনয়-বিনয়ের পর তা ফিরিয়ে দেন। শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদ উদ দৌলা হাসপাতালে গিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিত বালাও ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.