ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তদন্ত কর্মকর্তা আব্দুল কাহহার আকন্দের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মেজর জেনারেল আবুল মঞ্জুর হত্যামামলার বিচার শেষ পর্যায়ে চলে এসেছে।
নাজিম উদ্দিন রোডে ঢাকার জজ আদালতের বিশেষ এজলাসে মঙ্গলবার আসামি পক্ষ তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সুপার কাহহার আকন্দকে জেরা করে।
বিচারক ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বোরহান উদ্দিনের অবশিষ্ট জেরার জন্য আগামী ৮ মার্চ দিন ঠিক করেছেন।
কাহহার আকন্দকে জেরা করেন মামলায় অন্যতম অভিযুক্ত সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম। এরশাদসহ জামিনে থাকা অন্য অভিযুক্তরা আদালতে হাজির ছিলেন।
এরশাদ ছাড়া এই মামলার অন্য আসামিরা হলেন- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সামস ও অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক। তারা সবাই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে ইঙ্গিত দিয়ে ওই আদালতের পেশকার কল্যাণ কুমার সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফৌজদারি মামলার বিচারে তদন্ত কর্মকর্তাই সাধারণত সবশেষে সাক্ষ্য দিয়ে থাকেন।
এই মামলায় মোট সাক্ষী ৪৯ জন। এর মধ্যে কাহহার আকন্দসহ ২৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি হবে, এরপরই মামলার রায় দেওয়া হয়।
১৯৮১ সালে জেনারেল আবুল মঞ্জুরকে হত্যা করা হয়। হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালে মামলা এবং ওই বছরই অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি এখন পরিচালনা করছেন আসাদুজ্জামান রচি। রাষ্ট্রপক্ষের আগের কৌঁসুলি শাহিদুর রহমান পিলখানা হত্যামামলায় প্রসিকিউশন কাউন্সিলে থাকায় আসাদুজ্জামানকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর হত্যা করা হয় মঞ্জুরকে।
মামলার বিবরণে বলা হয়, ১৯৮১ সালের ১ জুন মঞ্জুরকে কাজী এমদাদুল হক পুলিশ হেফাজত থেকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে যান এবং সেখানেই তাকে গুলি করে হত্যা করে।
হত্যাকাণ্ডের ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মঞ্জুরের ভাই মামলাটি দায়ের করেন। ওই বছরের ১৫ জুলাই তৎকালীন সহকারী পুলিশ সুপার কাহহার আকন্দ আদালতে অভিযোগপত্র দেন।
এরশাদকে আসামি করে দায়ের করা এই মামলা রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে ঝুলছে বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮২৬ ঘ.
bdnews24