ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতো বাধাই আসুক না কেন পিলখানা হত্যাকাণ্ডের বিচার শেষ করা হবে।
পিলখানা বিডিআর সদরদপ্তরে হত্যাকাণ্ডের বিচারে সরকারের আন্তরিকতা তুলে ধরার পাশাপাশি প্রধান বিরোধী দল বিএনপি বিদ্রোহীদের বাঁচানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা।
পটুয়াখালীতে শনিবার এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “আসামিদের পক্ষের আইনজীবী কারা, আপনারা তা খোঁজ নিয়ে দেখুন, তারা বিএনপির।”
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) জওয়ানদের বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৪ জন নিহত হয়। ওই ঘটনার পর সীমান্তরক্ষী এই বাহিনীর নাম পাল্টে বর্ডার গার্ড বাংলাদেশ হয়। পাল্টে দেওয়া হয় তাদের তাদের পোশাক ও মনোগ্রাম।
প্রায় ২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করতে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে পটুয়াখালীর চর এলাকা রাঙ্গাবালীতে পৌঁছান প্রধানমন্ত্রী।
নব-গঠিত রাঙ্গাবালী উপজেলা কমপ্লেক্সের উদ্বোধন করে বাহেরচরে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বিপুল লোকসমাগমের কারণে এক পর্যায়ে তা জনসভার রূপ নেয়।
প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দক্ষিণের মানুষ কিছু পায়। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট, চাঁদাবাজি ও জমি দখল করে সন্ত্রাসের রাজত্ব কয়েম করে।”
পটুয়াখালীর সোনারচরকেও কুয়াকাটার মতো পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “বরিশাল অঞ্চল এক সাময় খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত ছিল। তা থেকে এখন আপনারা পিছিয়ে পড়েছেন। বর্তমান সরকার আপনাদের আবার সেই জায়গায় ফিরিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছে।”
ঢাকার বাইরে চালের কেজি ২৫ থেকে ৩০ টাকায় নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে মাঝেমধ্যে বাজার কিছুটা অস্বাভাবিক হতেই পারে।
একটি মহল যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “বাংলার মাটিতে এ বিচার হবেই। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ২১ অগাস্ট গ্রেনেড হামলা ও সম্পদ লুটপাটকারীদেরও বিচার হবে।”
মত বিনিময় সভায় প্রায় ২৫ মিনিট বক্তব্য রাখার পর কুয়াকাটায় যান প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অর্থায়নে ১১২ শয্যার যুব পান্থ নিবাস ও ২০ শয্যার কুয়াকাটা হাসপাতাল উদ্বোধন এবং নবগঠিত কুয়কাটা পৌরসভার অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এরপর তিনি রওনা হন কলাপাড়ার উদ্দেশ্যে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের নামে তিনটি সেতুর ভিত্তিফলক উন্মোচন করে শেখ হাসিনা। এছাড়া কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি।
সবশেষে বিকাল ৩টায় কলাপাড়ায় মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/২০৩১ ঘ.
bdnews24