সাতক্ষীরা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা শহরে এক ট্রাক শ্রমিককে জবাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার বিউটি হোটেল এলাকায় একটি সেপটিক ট্যাংকে নিজাম উদ্দিনের (১৯) লাশ পাওয়া যায়। ট্রাক চালকের সহকারী নিজাম কাটিয়া মাস্টারপাড়ার সিরাজুস সালেকিন মাধবের ছেলে।
এ ঘটনায় তার দুই বন্ধু শাহীন ও নাজমুলকে আটক করেছে পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে সদর থানার ওসি (তদন্ত) রতন শেখ বলেন, মঙ্গলবার রাতে বাসায় ফেরার পর আবার বাইরে যান নিজামউদ্দিন। এরপর আর ফেরেননি।
সকালে পথচারীরা শহরের বিউটি হোটেলের কাছে রক্তমাখা ছুরি, গামছা, স্যান্ডেল ও কলম দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর এলাকাবাসীকে নিয়ে পুলিশ তল্লাশি শুরু করে।
ওসি বলেন, জবাই করার পর পায়ে রশি দিয়ে ইট বেঁধে লাশ বস্তায় করে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়।
ওসি আরো বলেন, তার কোমর ও পিঠে আটটি স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হত্যার কারণ জানা যায়নি। আটক শাহীন ও নাজমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে, বলেন ওসি।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার হাবিবুর রহমান খানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.
bdnews24