পিরোজপুর, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় একটি ধানক্ষেত থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহতরা হলেন- শিউলি বেগম (৩০) ও তার মেয়ে সুবর্ণা (১২)। শিউলির স্বামী মো. তৌহিদ মৎস্যজীবী। সুবর্ণা স্থানীয় সেহাংগল বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
শনিবার সকালে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সুন্দর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানান স্বরূপকাঠী থানার ওসি মো. মেজবাহ উদ্দিন।
ওসি সাংবাদিকদের জানান, মা-মেয়ের শরীরের বিভিন্ন অংশে বেশ ক’টি দায়ের কোপ রয়েছে। রাতের কোনো একসময় ধর্ষণের পর তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় শাহীন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শাহ আলম জানান, নিহতদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে লাশ পড়ে ছিল।
শিউলির স্বামী তৌহিদ মাছ ধরার কাজে নদীতে রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার রাতে মা-মেয়েই শুধু বাড়িতে ছিল। তৌহিদকে খবর পাঠানো সম্ভব হয়নি।
জোড়া খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০০ ঘ.
bdnews24