চাঁদপুর, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনরায় ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাফনের ৪১ দিন পর এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
শুক্রবার বিকালে পাঁচআনী গ্রামের মজিবুর রহমান মোল্লার (৩৮) লাশ তাদের পারিবারিক কবরস্থান থেকে তোলা হয়। তিনি ওই গ্রামের আব্দুছ ছাত্তার মোল্লার ছেলে।
জেলার নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের উপস্থিতিতে লাশ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।
মতলব উত্তর থানার পরির্দশক শফিকুল ইসলাম বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মজিবুর রহমানকে হত্যা করার অভিযোগে গত ৪ ফেব্র“য়ারি নিহতের ছোট ভাই কামাল হোসেন মোল্লা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মজিবুর রহমানের লাশ উত্তোলনের জন্য চাঁদপুর আদালতে আবেদন করে। আদালত লাশ তোলার নির্দেশ দেয়।
মামলায় অভিযোগ করা হয়, গত ২ জানুয়ারি মজিবুর রহমানকে প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় মাথাভাঙ্গা ব্রিজ সংলগ্ন বিল থেকে উদ্ধার করা হয়। ঠিকমত চিকিৎসা করতে না পারায় গত ৭ জানুয়ারি মজিবুর রহমানের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শিল্পী বেগম (৩২) সাংবাদিকদের বলেন, প্রতিবেশী মর্তুজ প্রমানিক (৫০), দেলোয়ার প্রমানিক (৫০), হানিফ মোল্লা (৪৫), জয়নাল মোল্লা (৩৩), গিয়াস উদ্দিন প্রধান (৪০) পরিকল্পিতভাবে নির্যাতন করে মজিবুরকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24