ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভালো রাজনৈতিক কর্মী না হয়ে ভালো চিকিৎসক হওয়ার পরামর্শ দিয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ।
বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভায় অধ্যক্ষ এম এ আজহার বলেন, “মেডিকেল ছাত্রের ভালো চিকিৎসক হওয়ার ওপর নির্ভর করে দেশের চিকিৎসা সেবার মান।”
তবে দেশের নাগরিক হিসেবে শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লিও ক্লাব ক্যাম্পাসে ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ ও যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকার সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মুহিউদ্দিন, হাসপাতালের পরিচালক এ কে এম ফরিদুজ্জামান, হাসপাতালের উপ-পরিচালক ডা. আবুল হাসেম খান ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ জাবেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/১৭৫৮ ঘ.
bdnews24