ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাফরুল কচুক্ষেত এলাকায় এক বাড়ির রিজার্ভ ট্যাংক থেকে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মো.শহিদুজ্জামান বিজয় নামের আট বছর বয়সী ছেলেটিকে গত ২৭ জানুয়ারি থেকে পাওয়া যাচ্ছিলো না।
বিজয় স্থানীয় হাজী সৈয়দ আলী খান উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। তিন ভাই বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
এসআই আমিনুল জানান, গত ২৭ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় বিজয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুরাতন কচুক্ষেতের ২২০ নম্বর বাড়ির রিজার্ভ ট্যাংকে শিশুটির লাশ পাওয়া যায়। নিমর্ণাধীন ওই ভবনের পাশেই বিজয়দের বাসা।
“রাতে প্রচণ্ড দুর্গন্ধ বের হলে লোকজন ওই ট্যাংকের ভেতরে লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ট্যাংকের মুখ খোলাই ছিলো।”
এদিকে বিজয়ের বাবা কামাল মিয়া অভিযোগ করছেন, তার ছেলেকে খুন করে ওই ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে।
এ বিষয়ে এসআই আমিনুল বলেন, “ময়নাতদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২০০ ঘ.
bdnews24