২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি’র বাস খাদে, আহত ১৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়ি ভাংচুরসহ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীবহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুটি গাড়ি ভাংচুরসহ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে আসার পথে গাড়াগঞ্জে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বলে জানান আহত শিক্ষার্থীরা। তাদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও ইবি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থী শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ৭০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবহনের ভাড়া করা বাসটি সকাল ৯টার ট্রিপে ক্যাম্পাসে আসছিলো। ব্রেক ফেইল করে বাসটি খাদে পড়ে গেলে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়।” দুর্ঘটনার খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা বিক্ষোভ করে এবং পরিবহন অফিসসহ দুটি গাড়ি ভাংচুর করে। এসময় তারা প্রায় ঘণ্টাখানেক প্রশাসন ভবন ঘেরাও করে গণঅনশন করে। গণঅনশনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক ড. রেজোয়ানুল ইসলামের পদত্যাগ দাবি করে বলেন, ১৫টি প্রায় অচল গাড়ি অদক্ষ চালক দিয়ে চালানোর ফলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর দেওয়া দুটি গাড়ি অবিলম্বে রাস্তায় নামানোর আহ্বান জানান তারা। বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন এসে শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা প্রশাসন ভবন থেকে অবরোধ উঠিয়ে নেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. রোজোয়ানুল ইসলাম জানান, তিনি সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩০ ঘ.