ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীকেন্দ্রিক পর্যটনের জন্য সরকার নৌ রুট চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান।
আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক সেমিনারে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জানান, তিস্তা নদী থেকে শুরু করে ব্রক্ষ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা হয়ে এ রুট খুলনা গিয়ে শেষ হবে।
ফারুক খান বলেন, “জলাভূমিকেন্দ্রিক পর্যটন গড়ে তোলা গেলে অবৈধ দখল ও দুষণ থেকে জলাভূমিগুলো রক্ষা করা যাবে। এতে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্য নৌকা ভ্রমন আবার চালু হবে যা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরবে।
সেমিনারে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার জানান, পর্যটন সংক্রান্ত হালনাগাদ তথ্য পর্যটকদের জানাতে প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে একটি পর্যটন সেল গঠন করা হয়েছে। একজন সহকারি কমিশনারকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক জলাভূমি দিবস ২০১২ উপলক্ষে ‘জলাভূমিতে পর্যটন : এক মহা-অভিজ্ঞতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিশ্ব শান্তি মিশন।
সংগঠনের সভাপতি কমল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক এনামুল হক ও সংগঠনের সাধারণ সম্পাদক নকুল কুমার বক্তব্য দেন।
সেমিনারে বক্তারা দেশের নদ-নদী ও বিল-ঝিলকে পর্যটনের ক্ষেত্র হিসেবে নিয়ে পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আহবান জানান।
তারা বলেন, ছয় ঋতুতে বাংলাদেশের প্রকৃতি ভিন্ন ধরণের সৌন্দর্য নিয়ে হাজির হয়। তাই জলাভূমি ও ঋতুকেন্দ্রিক পর্যটন সুবিধা বাড়াতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৬১৭ ঘ.
bdnews24