লালমনিরহাট, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের লাঠির আঘাতে নিহত হয়েছেন তাদের বড়ভাই।
মঙ্গলবার বিকালে রফিকুল ইসলাম (৩২) হামলায় আহত হন। বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রফিকুল আদিতমারী উপজেলা সদরের শামছুল হকের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, জমির সীমানা নিয়ে শামছুল হকের ছয় ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার গ্রাম্য শালিসও হয়েছে।
মঙ্গলবার বিকালে এই ছয়জনের একজন প্রবাসী সাজেদুর রহমানের বাড়ি ভেঙে ফেলে অপর দু’ভাই বিজিবি সদস্য সবুজ মিয়া ও পুলিশ সদস্য শফিকুল ইসলাম।
এ সময় রফিকুল বাধা দিলে তারা রফিকুলের উপর হামলা চালায়। এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রফিকুলের মৃত্যুর খবর পেয়ে হামলাকারী তার সহোদররা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
ওসি আরো বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো মামলা দায়ের করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24