২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাস বিএনপির তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার রাতে

কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় গঠিত বিএনপির উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, টেকনাফ, উখিয়া ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনায় গঠিত বিএনপির উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। তিনি বলেন, “তদন্ত কমিটির প্রধান মওদুদ আহমদ ইতিমধ্যে প্রতিবেদন তৈরির কাজ শেষ করেছেন। আমরা আশা করছি, বৃহস্পতিবার রাতে তা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার কাছে জমা দেব। এরপরদিন তা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।’’ গত ১ অক্টোবর খালেদা জিয়া বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনা তদন্তে ৮ সদস্যের এই কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা গত শুক্র ও শনিবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার ঢাকা ফেরেন। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মইন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নির্বাহী কমিটির সদস্য গৌতম চক্রবর্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়–য়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৫৫ ঘ.