ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, শিক্ষকরা যখন তাদের দাবি আদায়ে রাস্তায় নামছেন তখন শিক্ষাখাতে বরাদ্দ কমিয়ে সামরিক বাজেট আরো বাড়ানো হচ্ছে। দেশে শিক্ষকদের মর্যাদা আজো প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করেন তিনি।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার সকালে এক আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি ‘হামলার’ নিন্দা জানিয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, “ভাবতে লজ্জা হয়, আমাদের পাশের দেশ ভারতেও শিক্ষকরা যে সুযোগ-সুবিধা ও মর্যাদা ভোগ করেন সে তুলনায় আমরা কোথায় আছি!”
এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগোলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বাধা ডিঙিয়ে সামনের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ১৫ থেকে ২০ জন আহত হয় বলে শিক্ষকরা অভিযোগ করেন। দুপুর ১টার দিকে নুরুজ্জামান, সুব্রত কুমার, মনিরুজ্জামান ও বাহারুল ইসলাম নামে চার শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এশারত আলী অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালায়।
বৃহস্পতিবারের ওই ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যায়িত করে রাশেদা কে চৌধুরী প্রশ্ন রাখেন, এসব পুলিশ যারা শিক্ষকদের উপর টিয়ার শেল ছোঁড়েন, জলকামান ছোঁড়েন তারা কি একবারও ভাবেন না যে এই শিক্ষকদের হাত ধরেই তারা এ পর্যায়ে এসেছেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ও নার্সিং পেশায় প্রথম পিএইচডি ডিগ্রি পাওয়া জেসিন্তিয়া অলিম্পিয়া গোমেজকে সম্মাননা জানায় বিশ্ব শিক্ষক দিবস ২০১২ জাতীয় উদ্যাপন কমিটি। এছাড়া প্রয়াত অধ্যাপক কামরুজ্জামান, শহীদুল হক ও হেনা দাসকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়।
জাতীয় শিক্ষক-কর্মচারি ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যাপক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান।
শিক্ষকদের অধিকার, দায়িত্ব ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ১৯৯৬ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএএইচ/এইচএ/১৭৩৫ ঘ.
bdnews24