২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদের জন্য বিশেষ যত্নের পরামর্শ

অটিজম নিয়ে ঢাকায় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি এই পরামর্শ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিজম নিয়ে ঢাকায় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে, যেন তারা অটিস্টিক শিশুদের প্রতি বিশেষ যতœ নেন। শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিজমের ওপর চিকিৎসকদের এই কর্মশালা শুরু হয়। সাংবাদিক ও সংসদ সদস্য বেবী মওদুদ কর্মশালা উদ্বোধন করে চিকিৎসকদের প্রতি বলেন, “তাদের সঙ্গে অন্য রোগীদের মতো আচরণ করবেন না। তাদের সময় দিন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের বাবা-মার সঙ্গে কথা বলুন এবং কীভাবে এসব শিশুকে সামলাতে হয়, সে বিষয়ে তাদের শিক্ষা দিন।” শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদের মস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা। ফলে তারা অন্যদের মতো করে নিজের যতœ নিতে বা নিজেকে প্রকাশ করতে পারে না। বেবী মওদুদ বলেন, “অটিস্টিক শিশুদের নিয়ে বাবা-মার পক্ষে চেম্বারে অপেক্ষা করা কঠিন। অনুগ্রহ করে আসার সঙ্গে সঙ্গেই তাদের দেখুন।” নিজে ব্যবস্থাপত্র দিতে সক্ষম না হলে এসব রোগীকে সঠিক জায়গায় পাঠানোর জন্যও চিকিৎসকদের প্রতি পরামর্শ দেন তিনি। দুই দিনের এ প্রশিক্ষণে ভারতের অ্যাকশন ফর অটিজম-এর বিশেষজ্ঞদের কাছে অন্তত ৭০ জন চিকিৎসক অটিস্টিক শিশুদের পরীক্ষা ও অটিজম সামলানোর পদ্ধতি নিয়ে জ্ঞান লাভ করবেন। অ্যাকশন ফর অটিজমের পরিচালক মেরি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটিজমের বিভিন্ন ধরন নিয়ে চিকিৎসকদের মধ্যে এখনো জ্ঞানের ঘাটতি রয়েছে। “একটি শিশু ভালোভাবে কথা বলতে পারলেও তার মধ্যে অটিজমের সঙ্গে সম্পৃক্ত কিছু অদৃশ্য সামাজিক বিষয়াবলী থাকতে পারে। অনেক চিকিৎসক এ ধরনের পরীক্ষা বাদ দিয়ে যান। আমরা তাদের সমস্যা ধরতে পারলে তাদের সহায়তা করতে পারবো।” অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির অর্জনের প্রশংসা করে মেরি বড়–য়া বলেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন করে বাংলাদেশ প্রতিবেশী ভারতকেও নড়েচড়ে ওঠার বার্তা পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর কন্যা ও যুক্তরাষ্ট্রের লাইসেন্সধারী মনস্তত্ত্ববিদ শেখ সায়মা হোসেনের উদ্যোগে গত জুলাইয়ে ঢাকায় অটিজম নিয়ে প্রথম দক্ষিণপূর্ব এশীয় আঞ্চলিক সম্মেলন হয়। অটিজমের ওপর জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। সরকারি হিসাব মতে, বাংলাদেশে দেড় লাখ অটিস্টিক শিশু আছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, সরকারের সহায়তার একটি অটিজম ফাউন্ডেশন গড়ে তুলবেন তারা। “এই ফাউন্ডেশনের মাধ্যমে অটিস্টিক শিশুদের জন্য একটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে যেখানে যেসব অটিস্টিক শিশুকে দেখার কেউ নেই তারা আশ্রয় নেবে,” বলেন তিনি। অটিজমের লক্ষণ ব্যাখ্যা করতে গিয়ে বিএসএমএমইউ-এর সেন্টার ফর নিউরোডেভলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনের সমন্বয়ক ড. শাহীন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো শিশু প্রথম বছরে দাদা, বাবা বলতে না পারলে, এক বছর চার মাসের মধ্যে কোনো শব্দ বুঝে তা বলতে না পারলে এবং দুই বছর বয়স নাগাদ অন্তত দুই শব্দের একটি বাক্য গঠন করতে না পারলে দেরি না করেই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত। এছাড়া অনেক অটিস্টিক শিশু দুই বছর বয়সের আগ পর্যন্ত স্বাভাবিক থেকে হঠাৎ করে তার মধ্যে অটিজমের লক্ষণ দেখা দিতে পারে এবং এর আগে শেখা কথা ও সামাজিক যোগাযোগের দক্ষতা সে হারিয়ে ফেলতে পারে বলে উল্লেখ করেন তিনি। বাবা-মা অনেক সময় এগুলোকে গুরুতর কোনো সমস্যা মনে করেন না- মন্তব্য করে এই অধ্যাপক বলেন, ব্যবস্থা নিতে দেরি করায় পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এমআই/১৯৪৫ ঘ.