ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে চলতি অর্থবছরে সরকারি অনুদান পেতে আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়েছে তথ্য মন্ত্রণালয়।
অনুদান পেতে মূল গল্প, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব আগামী ২৮ ফেব্র“য়ারি বিকাল ৪টার মধ্যে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় পৌঁছাতে বলা হয় বুধবার তথ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, “আবহমান বাংলার সংস্কৃতি সমুন্নত রাখতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানের অর্থ পেতে আগ্রহীদের থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব আহ্বান করা হয়েছে।”
এজন্য কাহিনী ও চিত্রনাট্য বাছাই করতে প্রস্তাবক, প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রতিষ্ঠান, লেখক ও চিত্রনাট্যকারদের কাছে থেকে মূল কাহিনীসহ চিত্রনাট্য, চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা এবং শিল্পী ও কলাকুশলীদের তালিকাসহ জমা দিতে হবে।
অনুদানের প্রথম চেক পাওয়ার চার মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। শুধু বাংলাদেশের নাগরিকরাই এ অনুদান পাওয়া এবং শিল্পী বা কলাকুশলী হওয়ার যোগ্য হবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
তবে বিশেষ ভূমিকায় অংশ নিতে মন্ত্রণালয়ের পূর্বানুমতি সাপেক্ষে বিদেশি শিল্পী ও কলাকুশলীও এসব চলচ্চিত্রে অংশ নিতে পারবেন।
নির্মাণাধীন, সমাপ্ত বা মুক্তিপ্রাপ্ত কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য অনুদানের জন্য বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানে নির্মিত বা নির্মিতব্য চলচ্চিত্র মৌলিক নয় বলে প্রমাণিত হলে প্রযোজক অনুদান হিসেবে দেওয়া অর্থ ও সেবার মূল্য রাষ্ট্রীয় কোষাগারে প্রচলিত সুদসহ ফেরত দিতে হবে। ১৫০ টাকার স্ট্যাম্প কাগজে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
এক্ষেত্রে সরকার নির্মাতা বা অনুদানগ্রহণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। অনুদান দেওয়ার পরও সরকার যেকোনো যুক্তিসঙ্গত শর্ত আরোপ করতে পারবে।
অনুদানের অর্থে নির্মিত চলচ্চিত্রের এফডিসিতে বিনামূল্যে সর্বোচ্চ দুই লাখ টাকা মূল্যমানের সেবা নেওয়া যাবে।
আবেদনকারীদের প্রস্তাব জমা দেওয়ার ক্ষেত্রে প্রস্তাবক, প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকারের পূর্ণ নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, টেলিফোন নম্বর ও টিআইএন নম্বর অবশ্যই স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। তা না হলে প্রস্তাব বিবেচনা করা হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৯১২ ঘ.
bdnews24