ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে একটি জলজ প্রাণী চাষ ও জলজ খাদ্য নিরাপত্তা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জেআইএফএসএএন-এর কার্যালয়ে অ্যাকুয়াকালচার অ্যান্ড অ্যাকুয়াটিক ফুড সেইফটি সেন্টার (এএএফএসসি) স্থাপনে এই চুক্তি হয়।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের অধীন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এসএসএফডিএ) ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত জয়েন্ট ইন্সটিটিউট ফর ফুড সেইফটি অ্যান্ড আপ্ল্যায়েড নিউট্রিশনের (জেআইএফএসএএন) সঙ্গে বাংলাদেশের ফিশারিজ প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি) ও বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিস ফাউন্ডেশনের (বিএসএফএফ) মধ্যে এ সহযোগিতা চুক্তি হয়।
জেআইএফএসএএন-এর পরিচালক জিয়াং হং মেং, এফপিবিপিসি-এর সমন্বয়ক মো. খায়রুজ্জামান মজুমদার ও বিএসএফএফ-এর চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রত্যক্ষদর্শী হিসেবে এতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী এএএফএসসি-এর জন্য প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে মার্কিন প্রতিষ্ঠানটি।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য সচিব গোলাম হোসেন।
তিনি বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হিসেবে অ্যাকুয়াকালচার অ্যান্ড অ্যাকুয়াটিক ফুড সেফটি সেন্টার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ জনগণের পুষ্টি পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি রপ্তানি বৃদ্ধি, গ্রামীণ দারিদ্র্য নিরসনে ভূমিকা রাখবে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এর ইতিবাচক ভূমিকা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/০০৪৮ ঘ.
bdnews24