২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনসেপটার ভ্যাকসিন প্ল্যান্ট উদ্বোধন

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে টিকা উৎপাদন প্ল্যান্ট উদ্বোধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 04:06 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে টিকা উৎপাদন প্ল্যান্ট উদ্বোধন করেছে। হাজার কোটি ডলার সাশ্রয় ও কম মূল্যে টিকা সরবরাহের লক্ষ্যে ২০০ কোটি টাকা ব্যয়ে সাভারের জিরাবোতে এই প্ল্যান্ট করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক আনুষ্ঠানিকভাবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ইনসেপটা ভ্যাকসিন লিমিটেড নামের এই প্ল্যান্ট করেন। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও গত জুন থেকে টাইফয়েড, জলাতঙ্ক ও টিটেনাসের টিকা (ভ্যাকসিন) উৎপাদন করা হচ্ছে বলে জানান ইনসেপটার কর্মকর্তারা। এই উদ্যোগের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এটা আমাদের দেশের মানুষের জন্য একটা বিশাল সূচনা। এর আগে আমাদের দেশের মানুষের উচ্চ মূল্যে এই সব ভ্যাকসিন কিনতে হতো। এখন তারা কম টাকায় তা পাবে।” বাংলাদেশে সর্বপ্রথম ইনসুলিন প্রস্তুতের উদ্যোগও নিয়েছিল ইনসেপটা। সরকারের টিকাদান কর্মসূচিকে শক্তিশালী করতে ‘সময়মতো সহযোগিতা’র জন্য ইনসেপটা ফার্মাসিউটিক্যালকে অভিনন্দন জানান মন্ত্রী। স¤প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জন্য প্রতিবছর সরকারকে বিদেশ থেকে প্রায় নয় কোটি ভ্যাকসিন আমদানি করতে হয়। ইপিআই-এর তথ্য অনুযায়ী, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশনের সহায়তার বাইরেও প্রতিবছর সরকারকে প্রায় ২ কোটি ডলারের টিকা বিদেশ থেকে আনতে হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক বাজার থেকে আমাদের ভ্যাকসিন কিনে আনতে হয়। এখানেই এটা পাওয়া গেলে বিদেশ থেকে কিনব কেন?” ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকতাদির বলেন, “এখনই আমাদের এক কোটি ৮০ লাখ ভ্যাকসিন উৎপাদনের সামর্থ্য রয়েছে।” ১৯৯৯ সালে মাত্র ৩০ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস। ১২ বছরের মাথায় বর্তমানে এর কর্মী সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। প্রতিষ্ঠানের বার্ষিক আয় বর্তমানে ৮০০ কোটি টাকার বেশি। ২০০৮ সাল থেকে আন্তঃমহাদেশীয় বাণিজ্যে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ফামাসিউটিক্যালস কোম্পানির মর্যাদায় আছে ইনসেপটা। দেশের পাঁচটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে এটার বিকাশও দ্রুততম হচ্ছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাররা জানান, ২৫০ জাতের ওষুধ প্রস্তুত করে ইনসেপ্টা। সেগুলোর মাত্রা (ডোজ) ভেদে আবার ৬৫০টি ধরন রয়েছে। ইনসেপটার বিপণন ব্যবস্থাপক জানান, মধ্য আমেরিকাসহ বিশ্বের ৩৫ দেশে এখন ওষুধ রপ্তানি করছে তারা। শিগগিরই যুক্তরাজ্যেও তাদের ওষুধ রপ্তানি শুরু হবে। মুকতাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন ও আধুনিক ওষুধ সরবরাহ করে তারা সব সময় বাজারের অভাব পূরণের চেষ্টা করে যাচ্ছেন। নতুন এই ভ্যাকসিন প্লান্ট পুরোপুরি নিজস্ব ব্যবস্থাপনায় চলে জানিয়ে তিনি বলেন, “এমনকি প্রয়োজনীয় বিদ্যুৎও আমরা নিজেরাই উৎপাদন করি। এছাড়া ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার জন্য এর ভিতরে বিরল প্রাণীদের একটি ফার্ম রয়েছে।” টিকা উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসরণ করবেন বলে জানান ইনসেপটার ব্যবস্থাপনা পরিচালক। টিকা পরিবহনের সময় প্রয়োজনীয় তাপমাত্রা (ঠাণ্ডা) বজায় রাখার কথাও জানান তিনি। ইনসেপ্টার ভ্যাকসিন উৎপাদন প্লান্ট পরিদর্শন করে বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোথাও না কোথাও থেকে এর উৎপাদন শুরু হওয়া উচিত ছিল। তারা এটা করেছে। এটা চমৎকার।” স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আ ফ ম সাইফুল ইসলাম বলেন, এ উদ্যোগের জন্য ইনসেপ্টা অভিনন্দন পাওয়ার দাবিদার। দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে টিকার দাম রাখার পরামর্শ দেন তিনি। জাতীয় অধ্যাপক এম আর খান জানান, ১৯৬৫ সালে শিশুদের জন্য প্রথমবার টিকা কেনা হয়। “বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদন করছে, এটা দেখার স্বপ্ন দেখেছি। আজ এটা হয়েছে,” বলেন তিনি। স্বাস্থ্য সচিব মো. হুমায়ুন কবির বলেন, সবার কাছে ভ্যাকসিন পৌঁছানোর সরকারের প্রচেষ্টাকে সহজ করবে এ কার্যক্রম। দেশে এখন সীমিত পরিসরে টিকা উৎপাদন করে পপুলার ফার্মাসিউটিক্যালস। একটি গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০১১ সালে বিশ্ব বাজারে মোট ২ হাজার ৭৬০ কোটি ডলারের টিকা বিক্রি হয়েছে। এর মধ্যে হেপাটাইটিস বি টিকাই বেশি। তারপরে রয়েছে ইনফ্লুয়েঞ্জার টিকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/এমআই/২১৫৫ ঘ.