মঞ্জুর আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিলেট, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসে মাসে বিল দেওয়া হচ্ছে, সংযোগ আছে, কিন্তু গ্যাস নেই- তাই বাধ্য হয়ে অস্থায়ী মাটির চুলায় রান্না করতে হচ্ছে সিলেট নগরীর লালাদীঘির পাড়ের গৃহিনী সালমা আক্তারকে।
শুধু লালাদীঘির পাড় নয়, নগরীর অন্তত ১০টি এলাকা জুড়ে চলছে গ্যাসের সঙ্কট। এসব এলাকার প্রায় ১০ হাজার পরিবারের ঘরে জ্বলছে না গ্যাসের চুলা। দিনভর গ্যাসের অপেক্ষায় বসে থাকতে হয় গৃহিনীদের। কখনো দুপুরের দিকে দেখা মেলে গ্যাসের, আবার কখনো বিকেল গড়িয়ে রাত হয়।
“গ্যাস সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দরজায় বারবার গেলেও আশ্বাসের মধ্যেই কেটে যাচ্ছে দিনের পর দিন,” বললেন স্থানীয় কলকাকলি ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল কবির।
দেশের সিলেট অঞ্চলে পাঁচটি গ্যাসক্ষেত্র থাকলেও সেখানে এই সমস্যার পরিত্রাণ চান এলাকাবাসী।
ওই অঞ্চলে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস কোম্পানির কর্মকর্তারা গ্যাসের এই সমস্যার জন্য পাইপ লাইনের সরবরাহ ক্ষমতার চেয়ে সংযোগ সংখ্যা বেশি হওয়াকেই কারণ হিসেবে দেখাচ্ছেন।
সরেজমিন দেখা যায়, সকাল থেকেই নগরীর কাজীটুলা, লালাদীঘিরপাড়, আম্বরখানা বড়বাজার, সুবিদবাজার, বনকলাপাড়া, ছড়ারপাড়, মেন্দিবাগ, মুন্সিপাড়া ও ঝালোপাড়া এলাকায় গ্যাসের সরবরাহ কমে যায়। নিভু নিভু অবস্থায় জ্বলে গ্যাসের চুলা। অনেক স্থানে চুলায় আগুন ধরানোও সম্ভব হয় না। ফলে সকালের নাস্তা ও খাবার রান্না নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় গৃহিনীদের।
লালাদীঘির পাড়ের বাসিন্দা স্কুলশিক্ষক মালতি রানী ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গ্যাস থাকে না। সকালের খাবার রাতে রান্না করে রাখতে হয়।
মালতীকে সকালে বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য খাবার তৈরি করতে হয়। কিন্তু চুলায় গ্যাস না থাকায় হোটেল থেকে নাস্তা কিনে এখন খেতে হচ্ছে তার পরিবারের।
একই এলাকার জাহাঙ্গীর আলম জানান, গ্যাস বিড়ম্বনার বিষয়টি জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কাজ হচ্ছে না।
বিকল্প হিসেবে অনেকেই বাসায় এলপি গ্যাস ও কাঠের চুলা ব্যবহার করছেন, বলেন তিনি।
জাহাঙ্গীর বলেন, গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই এলাকার সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশ্বাস দেওয়ার পর কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। কিন্তু রাস্তা কাটা নিয়ে জটিলতার অজুহাতে এখনো কাজ শুরু হয়নি।
নগরীর মুন্সিপাড়া এলাকার গৃহিনী আফরোজা খাতুনের ক্ষোভ- “শহরে থেকেও গ্রামের আদলে চলতে হচ্ছে।”
এ বিষয়ে জালালাবাদ গ্যাস কোম্পানির উপব্যবস্থাপক (বিক্রয় ও বিতরণ) উপ ব্যবস্থাপক মঞ্জুর আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবাসিক এলাকাগুলোতে সরু (পৌণে এক ইঞ্চি) পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ করা হয়। যেসব এলাকায় লাইনের সরবরাহ ক্ষমতার চেয়ে সংযোগ বেশি হয়ে গেছে সেসব এলাকায় সমস্যা হচ্ছে।
গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এলেও সরু পাইপ তুলে মোটা পাইপ স্থাপন সময় সাপেক্ষ ব্যাপার বলে জানান তিনি।
মঞ্জুর একইসঙ্গে জানান, প্রায় এক কিলোমিটার পৌণে এক ইঞ্চি পাইপলাইন সরিয়ে দুই ইঞ্চি পাইপলাইন বসানো হভে ।
সিটি কর্পোরেশন রাস্তা কাটার অনুমতি দিলেই এ কাজ শুরু হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৮২০ ঘ.
bdnews24