ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য বীরাঙ্গনা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে পাঁচ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অনুদান হিসেবে এ অর্থ দেওয়া হয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর পক্ষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার ফেরদৌসীর ধানমণ্ডির বাসায় গিয়ে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় সাংবাদিক-লেখক শাহরিয়ার কবীর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসির মামুন উপস্থিত ছিলেন।
ফেরদৌসী চেক গ্রহণ করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান নাছের।
শাহারিয়ার কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন ফেরদৌসী।
তিনি বলেন, “তার অসুস্থতার কথা জানিয়ে সহেযোগিতা চেয়ে ছয় মাস আগে আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। ওই চিঠির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী তাকে পাঁচ লাখ টাকা দিয়েছেন।”
বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার কারণে তিন মাস আগেও ফেরদৌসী হাসপাতালে ছিলেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২১২৫ ঘ.
bdnews24