মাদারীপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে হাসানকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় নিহতদের পরিবার ও চিকিৎসক।
এরা হল- সানজিদা ও খাদিজা। সানজিদা গ্রামের সামসুল হক হাওলাদারের এবং খাদিজা একই উপজেলার বল্লভদী গ্রামের লিটন মিঞার মেয়ে। তারা সম্পর্কে খালা-ভাগ্নি।
সামসুল হক হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু’দিন আগে তার বড় মেয়ে লাবণী বেগম নাতনি খাদিজাকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসে।
দুপুর ১টার দিকে খাদিজা ও সানজিদা সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টায় পুকুর থেকে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা দিলীপ দাস সাংবাদিকদের বলেন, শিশুদের মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৫ ঘ.
bdnews24