নীলফামারী, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াবাজির মামলায় নীলফামারীর ডিমলা উপজেলার একটি ইউপি চেয়ারম্যান ও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এছাড়া আরো সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মঙ্গলবার নীলফামারীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আরিফা ইসলাম তুলি এ আদেশ দেন।
কারাগারে গিয়েছেন খালিশাচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা, সদস্য মনোয়ার হোসেন ও জহুরা বেগম।
মামলার নথি থেকে জানা যায়, শামসুল হুদা গত বছরের ৩০ জুলাই ইউনিয়নের বাইশপুকুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ডাকা গ্রাম্য শালিশে শ্বশুরের বিরুদ্ধে ফতোয়া দেন। ফতোয়ায় শ্বশুর আব্দুল মজিদকে গলায় জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো পর মাটিতে একশ’ মিটার নাকে খত দেওয়ানো হয়।
ওই ঘটনায় আব্দুল মজিদ বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
মামলার আইনজীবী মনির উদ্দিন জানান, দুপুরে ইউপি চেয়ারম্যান ও তিন সদস্য আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
আইনজীবী আরো বলেন, আদালতে হাজির না হওয়া মামলার অপর সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪০ ঘ.
bdnews24