২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশি চ্যানেল ভারতে সম্প্রচারের ব্যবস্থা চলছে’

কলকাতায় বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচারের ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচারের ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ‘লিড ২০১২’ শীর্ষক অনুষ্ঠানের শেষ দিন রোববার হোটেল সোনারগাঁওয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। ‘হোয়াট ডাজ ইট টেক টু কানেক্ট অ্যান্ড ইন্সপায়ার?’ শীর্ষক সেশনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টিভির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাইমন ড্রিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে একজন তথ্যমন্ত্রীর কাছে জানতে চান- ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে দেখা গেলেও বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে দেখা যায় না কেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতীয় টিভি চ্যানেলগুলো এখানে প্রবেশ করে অর্থ পরিশোধ করে। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোও ভারতে এভাবে প্রবেশের জন্য বলা হয়েছে।” সব বিষয়ে বিস্তারিত তথ্যও জানতে চাওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ইংরেজী দৈনিক ডেইলি স্টারের সম্পাদ মাজফুজ আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন চাওয়া হয়। বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল প্রশ্ন করেন, “সরকার সিদ্ধান্ত নিয়েছে আর বেসরকারি কোনো টিভি চ্যানেলকে টেরিস্ট্রিয়াল লাইসেন্স দেওয়া হবে না। সরকারের এ মনোপলি ঠিক কি না?” এর জবাবে ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং বলেন, “স্যাটেলাইট সুবিধা এখন সহজ হয়ে গেছে। তাই ট্রেরিস্ট্রিয়াল এখন আর আটকে রাখার মানে হয় না।” আরেকজন সাংবাদিক সাইমন ড্রিংকে প্রশ্ন করেন, “টিভি চ্যানেল বন্ধের ক্ষেত্রে কোনো নীতিমালা থাকা উচিৎ কি না?” জবাবে তিনি বলেন, “অনেক দেশে সালিশি ব্যবস্থা আছে। টিভি চ্যানেল বন্ধের আগে এ ধরণের সালিশি ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া উচিৎ।” দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো এবং মিডিয়ার স্বাধীনতা নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। অনুষ্ঠানে ভারতীয় কলাম লেখক জাভেদ নাকভী, নেপালের হিমাল ম্যাগাজিনের সম্পাদক কনক মনি দিক্ষীত প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০১২ ঘ.