চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগে ছেলে, ছেলের স্ত্রী ও নাতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমানের আদালতে নগরীর কাপাসগোলা এলাকার বাসিন্দা হোসনে আরা বেগম (৬২) তার ছেলে আশরাফ উদ্দিন, ছেলের বউ দিলুয়ারা বেগম ও নাতি আজহার উদ্দিন শোভনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেন।
বিচারক মামলা গ্রহণ করে তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
অভিযোগে বলা হয়, নগরীর কাপাসগোলা এলাকার সিদ্দিক বিল্ডিংয়ের বাসিন্দা শেখ মোহাম্মদ শামসুদ্দিনের স্ত্রী হোসনে আরা বেগমকে তার পুত্র, পুত্রবধু ও নাতি গত বছরের ৩০ ডিসেম্বর নিজ বাসায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় তারা ঘরে থাকা নগদ ৬০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও একটি নকিয়া মোবাইল ফোন নিয়ে যায়।
গত ২৭ ডিসেম্বর ছেলে আশরাফ মা-বাবার কাছে নগদ দুই লাখ টাকা দাবি করেন উল্লেখ করে অভিযোগে বলা হয়, টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় ২০ ডিসেম্বর অভিযুক্ত তিন জন তাকে শারীরিকভাবে আঘাত করে।
শারীরিক নির্যাতনের অভিযোগে এর আগে হোসনে আরা নগরীর পাঁচলাইশ থানায় একটি জিডিও করেন।
মহানগর হাকিমের বেঞ্চ সহকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদির অভিযোগ আদালত গ্রহণ করেছে করেছেন।
বিচারক অভিযোগ গ্রহণ করে তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা তামিলের জন্য পাঁচলাইশ থানাকে নির্দেশ দেয়।
আগামী ১৯ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯১৮ ঘ.
bdnews24