চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপ চালকের অসতর্কতাকে দায়ী করে চট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিং দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ের একটি তদন্ত কমিটি।
রেলওয়ের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিটেন্ডেন্ট সৈয়দ জহুরুল ইসলাম নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন জমা দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা।
বুধবার সকালে বাড়বকুণ্ডে রাষ্ট্রায়ত্ত্ব গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানার সামনের লেভেল ক্রসিংয়ে চাঁদপুরগামী কর্ণফুলী এক্সপ্রেসের ধাক্কায় প্রগতির একটি জিপের পাঁচ আরোহীর মৃত্যু হয়। জিপের চালকের আসনে থাকা প্রগতির মেকানিক্যাল বিভাগের কর্মচারী মোর্শেদও ঘটনাস্থলেই মারা যান।
রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা রশিদা সুলতানা গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিটি প্রতিবেদনে জিপ চালককে দায়ী করে দুর্ঘটনার তিনটি কারণ নির্ণয় করেছে। এগুলো হলো- লেভেল ক্রসিংয়ের পশ্চিম পাশে গেট নামানো থাকার পরও জিপ নিয়ে চালকের রেল লাইনে উঠে পড়া, গেটম্যানের দেওয়া সংকেত অমান্য করা এবং নির্দিষ্ট সময় অপেক্ষা করে দুই পাশ ভালভাবে না দেখেই ক্রসিং অতিক্রমের চেষ্টা করা।"
ওই দুর্ঘটনায় রেলওয়ের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা (ডিটিও) জাকির হোসেনকে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের অপর তদন্ত কমিটিও প্রতিবেদন চূড়ান্ত করেছে। দুর্ঘটনার জন্য জিপ চালককে দায়ী মনে করছেন তারাও।
এছাড়া রেলওয়ের পক্ষ থেকে আরেকটি এবং প্রগতির একটি তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে।
ডিটিও জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে জিপটির অবস্থা দেখে এবং প্রত্যক্ষদর্শীদের ভাষ্য শুনে, প্রগতির কর্মীদের সঙ্গে কথা বলে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এখন তা লেখার কাজ চলছে।"
"দুর্ঘটনার জন্য জিপ চালকই দায়ী", যোগ করেন তিনি।
জাকির হোসেন বলেন, জিপের চালক ১৮৮৩ সালের রেলওয়ে অধ্যাদেশের ধারা ৪২ ও ৪৩ অমান্য করেছেন। সিগনাল অমান্য করে ট্রেন চলাচলের সময় অবৈধভাবে রেল লাইনে উঠে পড়ায় ওই দুর্ঘটনা ঘটে।
দুই কমিটির ছয় সুপারিশ
লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা বন্ধে রেল কর্তৃপক্ষের কাছে তিনটি সুপারিশ জমা দিয়েছে জহুরুল ইসলাম নেতৃত্বাধীন কমিটি।
তারা বলেছেন, বাড়বকুণ্ড ক্রসিংয়ে একটি 'স্বয়ংক্রিয় বেরিয়ার' নির্মাণ, প্রগতির কর্মকর্তা-কর্মচারীদের রেলওয়ে অধ্যাদেশ সম্পর্কে সচেতন করা এবং লেভেল ক্রসিং দেখতে বাধার সৃষ্টি করে এমন গাছ ও স্থাপনা সরিয়ে নেওয়া প্রয়োজন।
প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানা সংলগ্ন বলে তাদের আবেদনেই বাড়বকুণ্ডে এই লেভেল ক্রসিং নির্মাণ করে রেলওয়ে পূর্বাঞ্চল।
তদন্ত কমিটির সদস্য, প্রত্যক্ষদর্শী ও প্রগতির কমকর্তা-কর্মচারীরা জানান, বুধবার দুই ট্র্যাকের রেল লাইনের পশ্চিম পাশের ট্র্যাক ধরে কর্ণফুলী এক্সপ্রেস আসছিল। এ কারণে লেভেল ক্রসিংয়ের গেটম্যান আগে পশ্চিম পাশের ফটক বন্ধ করেন। এরপর তিনি পূর্ব পাশের গেট ফেলতে যাচ্ছিলেন। তিনি লাল পতাকা দেখিয়ে সংকেতও দিয়েছিলেন। কিন্তু জিপের চালক তা দেখেননি। খেলা গেট দিয়ে রেল লাইনের ওপরে উঠার পর জিপ চালক ব্যাক গিয়ারে পেছানোর চেষ্টা করলেও তা কাজ করেনি।
ওই ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে ডিটিও জাকির হোসেন নেতৃত্বাধীন কমিটিও তিনটি সুপারিশ করছে।
জাকির হোসেন বলেন, "লেভেল ক্রসিংয়ের উভয় পাশের রাস্তায় গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ, ক্রসিংয়ের আশেপাশের দোকান অপসারণ এবং স্বয়ক্রিয় বেরিয়ার নির্মাণের সুপারিশ করছি আমরা।"
রেলওয়ে চিফ অপারেটিং সুপারিটেন্ডেন্ট (সিওপিএস) বেলাল উদ্দিনকে প্রধান করে গঠিত তিন সদস্যের অপর কমিটিও দুয়েক দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে রেল কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/জেকে/২১৩৫ ঘ.
bdnews24