২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি শ্রমিক সংগঠনের সড়ক অবরোধের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি শ্রমিক সংগঠনের সড়ক অবরোধের কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরে পণ্য ওঠানামার (লোড-আনলোড) কাজ করতে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে স্থানীয় সিপাহীপাড়া কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের সদস্যরা এ অবরোধ শুরু করে। সংগঠনটির সাধারণ সম্পাদক আলম আলী বলেন, "আমরা দীর্ঘদিন ধরে স্থলবন্দরে কাজের দাবি করে আসছি। আমরা কাজ করতে পারবো এই শর্তে বুধবার সমঝোতাও হয়। কিন্তু আজ (বৃহস্পতিবার) কাজে যোগ দিতে চাইলে বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সদস্যরা বাধা দেয়।" এদিকে অবরোধের কারণে পণ্য বোঝাই ট্রাকগুলো সড়কের বিভিন্ন স্থানে আটকে আছে। একই সঙ্গে অন্যান্য যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছে দুর্ভোগে। আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী মেহেদী হাসান বাবলা বলেন, শ্রমিকদের বিরোধের কারণে ব্যবসায়ীসহ সবাইকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এজন্য সমন্বিতভাবে শক্ত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাবান্ধা স্থলবন্দরের কাস্টমস ইন্সপেক্টর আবুল হাশিম প্রধান বলেন, সমস্যা নিরসনে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা জানায়, স্থলবন্দরে কাজ করার জন্য কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের অনুমোদন নেই। পণ্য ওঠানামার কাজে নিয়োজিত বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন। কুলি মজদুর শ্রমিক ইউনিয়নের নেতারা দীর্ঘদিন ধরে বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কাছে অর্ধেক পণ্য ওঠানামার কাজ করতে দেওয়ার দাবি জানিয়ে আসছে। একই দাবিতে এ সংগঠনটি এর আগেও কয়েকবার অবরোধ কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৫৫ ঘ.