বেনাপোল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরির আশ্বাসে প্রতারিত হয়ে ভারত পাচার হওয়া ছয় বাংলাদেশি তরুণী দেশে ফিরে এসেছেন।
মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বর্ডার গার্ড বাংলাদেশ'র (বিজিবি) কাছে হস্তান্তর করে।
এদের বাড়ি নড়াইল, নারায়ণগঞ্জ, সাতক্ষীরার তালা ও কলারোয়া, যশোরের ঝিকরগাছা ও শার্শা উপজেলায়।
২২ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প ইনচার্জ জয়নাল হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে একটি পাচারকারীচক্র অবৈধপথে এই মেয়েদের ভারতের মুম্বাই নিয়ে অনৈতিক কাজ করায়।
তিনি বলেন, একটি বেসরকারি সংস্থা রাইটস-এর উদ্যোগে দু'দেশের সরকারি পর্যায়ে দীর্ঘ চিঠি চালাচালির পর তাদের দেশে আনা সম্ভব হয়।
ভারতীয় কর্তৃপক্ষ চেকপোস্টে তাদের বিজিবি'র কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেন।
পোর্ট থানার পরিদর্শক হাসান হাফিজুর রহমান বলেন, ফেরত আসা বাংলাদেশি নারীদের রাইটস যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24