২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ভিসির কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হয়েছে। এদিকে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় নির্ধারিত মতবিনিময় সভাটি মঙ্গলবার হয়নি। অভ্যন্তরীণ উৎস থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যয় সংস্থানের আইনটি বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা। তারা বলছে, ব্যয় বাড়াতে গিয়ে তাদের ফি বেড়েছে ছয় গুণ। মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভের এক পর্যায়ে দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এতে আটকে পড়েন উপাচার্যসহ প্রশাসনিক ভবনে থাকা সব কর্মকর্তারা। ওই সময় অর্থমন্ত্রীর কুশপুত্তলিকায়ও আগুন দেয় তারা। দুপুর ২টার দিকে বিক্ষোভ শেষ হলে উপাচার্যসহ কর্মকর্তারা বের হওয়ার সুযোগ পান। তবে গত দুই দিনে বিক্ষোভের সময় আটক শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ করেছে সতীর্থরা। এর প্রতিবাদে বিকালে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো আটকে দেয় তারা। গ্রেপ্তার ৮ ছাত্র বিকালে জামিনে ছাড়া পেলে বাসগুলো ছেড়ে দেয় শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে মঙ্গলবার বিকালে ইম্পেরিয়াল হোটেলে সরকারি দলের প্রতিনিধিদের বৈঠকের কথা ছিলো। সরকার সমর্থক ছাত্রলীগ ছিলো এর উদ্যোক্তা। সোমবার বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে মঙ্গলবারের বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পর কর্মসূচি স্থগিতের প্রতিশ্র"তি আন্দোলনরত শিক্ষার্থীরা দিয়েছিলো বলে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা মিছিলের পর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ জানিয়েছেন, ওই বৈঠক হচ্ছে না।" এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি ব্যবস্থাপনা বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্রী সুরাইয়া আক্তার বলেন, "সোমবারের বৈঠক ছিলো আইওয়াশ। আমাদের আন্দোলন কর্মসূচি চলবে।" গত রোববার থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। রোববার শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও ভাংচুর করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। সোমবার তারা ক্যাম্পাসে বিক্ষোভ করে। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর বছর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে। শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সমর্থন রয়েছে। শিক্ষার্থীদের অন্য দাবির মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধার, গ্রন্থাগার স্থাপন, পরিবহন সুবিধা বাড়ানো ইত্যাদি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইনের এ জটিলতার সমাধানে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭১৭ ঘ.