২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রায়সাহেব বাজারে বিক্ষোভ-সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত সড়কে যানচলাচল আবার শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 11:27 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থায়ন সংক্রান্ত আইন সংশোধনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ২৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল পৌনে ৯টার দিকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রাজধানীর রায়সাহেব বাজার-নয়াবাজার সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সদরঘাট থেকে গুলিস্তান পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ থাকে। ধোলাই খাল সংযোগ সড়ক ও ঢাকা-দোহার সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। সোয়া ১০টার দিকে পুলিশ লাঠি নিয়ে অবরোধকারীদের ওপর চড়াও হলে ছাত্রছাত্রীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বাধলে ইটের আঘাতে নজরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বিক্ষোভকারীরা সরে গেলে সকাল সাড়ে ১০টার দিকে আবার স্বাভাবিক যান চলাচল শুরু হয় ওই সড়কে। কতোয়ালী থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা রাস্তা থেকে সরে যাওয়ার জন্য তাদের বুঝিয়েছিলাম। কিন্তু তারা তা না করায় অ্যাকশনে যেতে হয়েছে।" এ সময় ২৪ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন তিনি। এদিকে বিশৃঙ্খলার আশঙ্কায় সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের বাইরে যাওয়া ঠেকাতে ছাত্রলীগের কর্মীদের ফটকে অবস্থান নিতে দেখা যায়। প্রক্টর ড. অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলতে বাধ্য হয়েছি আমরা।" বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন নিয়ে জটিলতা অবসানের দাবিতে রোববারও রাজপথে এসে বিক্ষোভ করে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ওইদিন তারা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে পুলিশ তাদের লাঠিপেটা করে হঠিয়ে দিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। সরকারদলীয় সংসদ সদস্য মোসলেমউদ্দিন আহমেদ ওই সময় শিক্ষার্থীদের ঘেরাওয়ের মুখে পড়েন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের দাবির প্রতি সমমর্মিতা দেখিয়েছেন। অবশ্য ভাংচুরের সমালোচনা করেছেন তিনি। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ কলেজকে ২০০৫ সালে একটি আইনের মাধ্যমে পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। তবে আইনের ২৭ (৪) ধারায় বলা হয়েছে, পাঁচ বছর বছর বিশ্ববিদ্যালয়ের ব্যয়ভার তাদের নিজেদেরই বহন করতে হবে। শিক্ষার্থীরা আইনের এ ধারাটি পরিবর্তনের দাবি জানিয়ে আসছে কয়েক বছর ধরে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সমর্থন রয়েছে। প্রক্টর ড. অশোক কুমার সাহা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে আইনে ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, তার ২৭(৪) ধারায় বলা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে করতে হবে। "এ আইন পরিবর্তনের জন্য আমরা সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। কারণ এটি বাস্তবায়ন করলে টিউশন ফি অনেক বেড়ে যাবে, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর পার্থক্য থাকবে না," বলেন তিনি। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- আইনের ২৭ (৪) ধারা বাতিল, বিশ্ববিদ্যালয়ের বেদখল হলগুলো উদ্ধার, গ্রন্থাগার স্থাপন, পরিবহন সুবিধা বাড়ানো ইত্যাদি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন রোববার সাংবাদিকদের বলেন, আইন সংশোধনের বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করছে। শিক্ষামন্ত্রীও বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৪৫ ঘ.