নাটোর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৪০ বছর পর শহীদ মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এম এ কাদিরের দেহাবশেষ তার নামে স্থাপিত নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে করা হয়েছে।
এতদিন তার দেহাবশেষ চট্টগ্রামের পাঁচলাইশে ছিলো। বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে অবস্থিত সেনানিবাসে তা পুনঃসমাহিত হলো।
জাতীয় ও সেনাবাহিনীর পতাকা দ্বারা আবৃত একটি কফিনে সকালে দেহাবশেষের মাটি হেলিকপ্টার যোগে কাদিরাবাদ সেনানিবাসে আনা হয়। কাদিরাবাদে কফিন গ্রহণ করেন বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান।
এরপর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ মুক্তিযোদ্ধা কাদিরের দেহাবশেষ পুনঃসমাহিত করা হয়। এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করেন।
অনুষ্ঠানে সামরিক-বেসামরিক কর্মকর্তা ছাড়াও এ মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক নাদিম কাদিরসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাদিম কাদির বলেন, "সরকার যথাযথ স্থানে আমার পিতার সমাধি পুনঃস্থাপন করায় আমি ও আমার পরিবার খুশি হয়েছি। এটা বাস্তবায়নের জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।"
এম এ কাদির ১৯২৯ সালের ২ জানুয়ারি রংপুরের বদরগঞ্জ থানার মোস্তফাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কোর অব ইঞ্জিনিয়ার্সে কমিশন প্রাপ্ত হন। ১৯৬৬ সালে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান।
১৯৭০ সালে কাদির তৎকালীন ওয়েল অ্যান্ড গ্যাস ডেভলপমেন্ট কর্পোরেশনের পূর্ব অঞ্চলীয় প্রধান হিসাবে চট্টগ্রামে বদলি হয়ে আসেন। মুক্তিযুদ্ধের শুরুর দিকে তিনি এ সংস্থার জন্য নির্ধারিত বিস্ফোরক দ্রব্য মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি শহীদ হন। ২০০৭ সালে তার সমাধিস্থান চিহ্নিত হয়।
কাদিরাবাদে পুনঃসমাহিত করার বিষয়ে সেনা কর্মকর্তা মেজর সুলতান মাহমুদ শ্যামল সাংবাদিকদের বলেন, "শহীদ লেফটেন্যান্ট কর্নেল এম এ কাদির সেনাবাহিনীর তথা ইঞ্জিনিয়ারিং কোরের গৌরবের প্রতীক। তাই তার সমাধি ইঞ্জিনিয়ারিং কোরের কাদিরাবাদ সেনানিবাসের হোম অব স্যাপার্সে সমাহিত করা হলো। এ বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল আগামী প্রজন্মের কাছে দেশ প্রেমের প্রেরণার উৎস হয়ে থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৮ ঘ.
bdnews24