ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন অবকাশকালীন বিশেষ চেম্বার আদালত।
আগামী ১৬ অক্টোবর এর শুনানির জন্য দিন ধার্য করে দেওয়ার পাশাপাশি ওই সময় পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো নিয়োগ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ২৭৯ জনের এক আবেদনে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোমবার এ আদেশ দেন।
গত ১৩ সেপ্টেম্বর আপিল বিভাগের অন্য এক জন বিচারপতি বিব্রত হয়ে এই আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছিলেন। পরে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিশেষ চেম্বার আদালত গঠন করে দেন।
ভুয়া বিজ্ঞাপনে নিয়োগ হওয়ায় গত ২৩ অগাস্ট হাইকোর্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০৭ কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ অবৈধ ঘোষণা করে। এদের মধ্যে ২৭৯ জন রায় স্থগিতের আবেদন করেছেন।
২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত সময়ে এ কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ অবৈধ ঘোষণা করতে অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া (বর্তমানে সরকারদলীয় সংসদ সদস্য) ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
২০০৬ সালে হাইকোর্টের একটি বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দিয়েছিলো। পরে গাজীপুরের সংসদ সদস্য আকম মোজম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর একটি রিভিউ আবেদন করেন। ওই আবেদনে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ ৮০৭ জনকে চাকরিচ্যুত করার আদেশ দেয়।
পৃথক দুই আবেদনে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যরিস্টার রফিক উল হক, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, ব্যরিস্টার নাসির উদ্দিন অসীম।
মোজাম্মেল হোসেনের পক্ষে অ্যাডভোকেট রেহান হোসেন এবং সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬৪৪ ঘ.
bdnews24