২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিউচুয়াল ফান্ডের বিনিয়োগসীমা স্থগিত

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক বিনিয়োগের সীমা স্থগিত করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক বিনিয়োগের সীমা স্থগিত করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

এতদিন ফান্ডগুলো একক কোম্পানির শেয়ারে তহবিলের ১০ শতাংশ, একক খাতের শেয়ারে সর্বোচ্চ ২৫ শতাংশ বিনিয়োগ করতে পারত।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম স্থগিত থাকছে। গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ বিধিমালা স্থগিত করা হয়েছিলো।

বৈঠকে দুটি মিউচুয়াল ফান্ডেরও অনুমোদন দেওয়া হয়।

এসইসি মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, "বৃহস্পতিবার কমিশন বৈঠকে বিধি ৩৬ এর তফসিল ৫ এর ২ ও ৫ ধারাটি ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে।"

বুধবার এসইসির সঙ্গে বৈঠকের সময় এই বিধিনিষেধ স্থগিতের অনুরোধ জানায় সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলো।

এ লক্ষ্যে একক ও খাতভিত্তিক শেয়ারে মিউচুয়াল ফান্ড বিনিয়োগের কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়টি 'সক্রিয়ভাবে' বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন সাইফুর রহমান।

কমিশনের বৃহস্পতিবারের বৈঠকে একটি প্রতিষ্ঠানের রাইট শেয়ার অনুমোদন করা হয়।

প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের একটির পরিবর্তে একটি করে রাইট শেয়ার অনুমোদন করেছে এসইসি। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। প্রতিষ্ঠানটি মোট ৫২ লাখ ৯২৮২টি রাইট শেয়ার ছেড়ে ৫২ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৮২ টাকা সংগ্রহ করবে।

সন্ধানী লাইফ ইন্সুরেন্স ইউনিট ফান্ড

সন্ধানী লাইফ ইন্সুরেন্সকে সন্ধানী লাইফ ইন্সুরেন্স ইউনিট ফান্ড নামের একটি মেয়াদহীন মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া। ৫০ কোটি টাকার ফান্ডের ১০ কোটি টাকা স্পন্সর প্রতিষ্ঠান যোগান দেবে। এর সম্পদ ব্যবস্থাপক হিসাবে থাকবে আলিফ এ্যাসেট ম্যানেজমেন্ট। ট্রাস্ট্রি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স।

এমটিবি ইউনিট ফান্ড

এমটিবি ইউনিট ফান্ডের ট্রাস্ট্র ডিড ও ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন করেছে এসইসি। মেয়াদহীন এই ফান্ডের আকার ১০০ কোটি টাকা।

এর মধ্যে ২০ কোটি টাকার যোগান দেবে স্পন্সর ব্যাংকটি। এর সম্পদ ব্যবস্থাপক হিসাবে থাকছে এলায়েন্স ক্যাপিটাল এন্ড এসেট ম্যানেজমেন্ট লি। কাস্টডিয়ান হিসাবে থাকছে ব্রাক ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/পিডি/০০৫৭ ঘ.