২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় আরো বাড়বে'

মার্চেন্ট ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় 'প্রয়োজনে আরো বাড়ানো হবে' বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্চেন্ট ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় 'প্রয়োজনে আরো বাড়ানো হবে' বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী। পুঁজিবাজার সমন্বয় কমিটির এক সভা শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। তবে এ সময় কত দিন বাড়ানো হবে, তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি। এস কে সুর বলেন, "পুঁজিবাজারকে সহযোহিতা করার জন্য ব্যাংক ব্যবস্থা ঠিক রেখে যা যা করা দরকার সবই করা হবে।" বাজার স্থিতিশীল করতে সংশ্লি¬ষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার পুঁজিবাজার সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে বসে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সমন্বয় কমিটিতে এসইসি ছাড়াও অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ডিএসই, সিএসই, সিডিবিএল ও আইসিবি প্রতিনিধিরা রয়েছেন। ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে মঙ্গলবার মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকের পর বলেছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মুখপাত্র সাইফুর রহমান। অ্যাসোসিয়েশনের মতে এ সীমা বাড়ানো হলে মার্চেন্ট ব্যাংকগুলো পুঁজিবাজারে বেশি বিনিয়োগে করতে পারবে। নতুন ব্যাংক কোম্পানি আইন প্রসঙ্গে এস কে সুর বৃহস্পতিবার বলেন, "নতুন যে আইন হচ্ছে তাতে ব্যাংকগুলোর মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগের বিধান রাখা হয়েছে। কিন্তু আইনটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়ন হতে ২ বছরও লেগে যেগে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।" এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, "পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির বিষয়টি চার দিনের পরিবর্তে তিন দিনে নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন এটি সক্রিয়ভাবে বিবেচনা করছে।" মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব মূলধন বা তহবিল গঠন প্রসঙ্গে সাইফুর বলেন, "সভায় এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। সভা বিষয়টি এনডোর্স করেছে। এখন এর আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হবে।" সিএসই সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর পুঁজিবাজারের উন্নয়নে বৃহস্পতিবারে সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে জেড গ্র"পের শেয়ার বিক্রি করে সেই টাকা দিয়ে সঙ্গেসঙ্গেই অন্য শেয়ার কেনা যাবে। সাইফুর রহমান জানান, ৩০ নভেম্বর সব শেয়ারের অভিন্ন মূল্য হলেও অভিন্ন লট করার প্রস্তাবনা এসেছে। এছাড়া বাজারের ফান্ড বাড়ানোর জন্যে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো নতুন ফান্ড আনার বিষয়টি এসেছে। বাংলাদেশ ফান্ডটি আরো কার্যকর করার জন্যে সুপারিশ করা হয়েছে। লাইফ ইন্সুরেন্সের ফান্ডগুলো যেন বাজারে আসে, ব্যবসা ব্যয় কমানো ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান ডিএসই সভাপতি শাকিল রিজভী। এছাড়া মিউচুয়্যাল ফান্ডগুলোর বিনিয়োগ সম্পর্কিত কিছু সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। এসব নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসইসিকে সুপারিশ করা হয়েছে। সাইফুর রহমান জানান, বাজার পরিস্থিতি বিবেচনায় এখন থেকে প্রতিমাসেই সমন্বয় কমিটির সভা বসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসআইটি/ আরবি/পিডি/২১১১ ঘ.