ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় ব্যাংকগুলো থেকে ১ হাজার ১০২ কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটিং কোম্পানি গ্রামীণফোন।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় ঋণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে গ্র্রামীণফোনের কোম্পানি সচিব হোসেন সাদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে এ ঋণ নেওয়া হবে। পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এখন কোন কোন ব্যাংক থেকে নেওয়া যায়, তা আলোচনা করে ঠিক হবে।
ঋণের টাকা কী কাছে লাগানো হবে জানতে চাওয়া হলে হোসেন সাদাত বলেন, "গত বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিলো, প্রতিষ্ঠানটির কিছু তারল্য ও কিছু দায় থাকা প্রায়োজন। ঋণে এ দুটোই হবে।"
ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, ঋণ নিয়ে মূলধনী ব্যবস্থাকে কার্যকর করা হবে।
দেশের টেলিকম খাতে প্রথম কোম্পানি হিসেবে গ্রামীণফোন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬৭৬ কোটি ৬৪ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফার পরিমাণ ছিলো ৪৮৩ কোটি ২৯ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১২১৫ ঘ.
bdnews24