ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় বাড়ানো হচ্ছে কি না, তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে সূচকের ওঠানামায় দিনের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক মঙ্গলবার ১৩৪ পয়েন্ট বৃদ্ধির পর বুধবার ৯৪ পয়েন্ট কমে যায়।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার শুরু থেকেই ডিএসইতে সূচকের ওঠানামা চলে। প্রথম ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর আবার নামতে শুরু করে।
১১টা ৩০ মিনিটে আগের দিনের চেয়ে সূচক প্রায় ১৮ পয়েন্ট কমে যায়। এরপর আবার কিছুটা বেড়ে পুনরায় নিুমুখী হয়। বেলা ১১টায় সূচক ১০ পয়েন্ট কমে যায়। পরে তা কমে আবার প্রায় ৬০ পয়েন্ট পর্যন্ত বাড়ে। তবে শেষ ভাগে এসে তা আবার কমে যায়।
দিন শেষে সাধারণ সূচক ৫ পয়েন্ট বেড়ে ৫৯৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সারাদিনে মাত্র ২৯৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৭৯ কোটি টাকা।
লেনদেন হওয়া ১০২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৩টির, ১৭টির দাম অপরিবর্তিত ছিলো।
একক গ্রাহক ঋণ সমন্বয়ের সময়সীমা বাংলাদেশ ব্যাংক থেকে পরিপত্র জারি করে বৃহস্পতিবার বাড়ানো হবে কি না, তা নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছিলো। তবে কেন্দ্রীয় ব্যাংক আশ্বস্ত করেছে, এ সময়সীমা বাড়ানো হবে।
মতিঝিলে ফিনিক্স সিকিউরিটিজে লেনদেনকারী আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একক গ্রাহক ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ঘোষণা না আসায় বাজারে বিরূপ প্রভাব পড়ছে।"
"এ সময়সীমা আরো এক বছর বাড়িয়ে দিলে বাজার ভালো হয়ে যাবে বলে আশা করছি," বলেন তিনি।
বুধবারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজার স্থিতিশীল করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তার বাস্তবায়ন না হওয়াতেই বাজার নিুমুখী হয়েছে।"
তিনি বলেন, "ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময় আরো বাড়ানো, সিডিবিএল চার্জ কমানো, লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনা এবং নেটিং সুবিধা বাড়ানোর বিষয়ে এসইসি পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর বাস্তবায়ন হচ্ছে না বলেই বাজার আবার পড়ছে।"
মঙ্গলবার এসইসির পক্ষ থেকে বলা হয়, তারল্য সঙ্কট কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়ানো হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে এসইসিকে জানানো হয়েছে।
কিন্তু এ নিয়ে বুধবার কোনো পরিপত্র জারি না হওয়ায় বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে বাংলাদেশ ব্যাংক ঋণ সমন্বয়ের সময়সীমা বাড়াবে না। এতে বাজার নিুমুখী হয় বলে অনেকের ধারণা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে শূর চৌধুরী বৃহস্পতিবার এসইসিতে এক বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময় 'প্রয়োজনে আরো বাড়ানো' হবে।
এ সময় কত দিন বাড়ানো হবে, তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি।
তবে এক কে শূর বলেন, "পুঁজিবাজারকে সহযোহিতা করার জন্য ব্যাংক ব্যবস্থা ঠিক রেখে যা যা করা দরকার সবই করা হবে।"
নতুন ব্যাংক কোম্পানি আইন প্রসঙ্গে তিনি বলেন, "নতুন যে আইন হচ্ছে তাতে ব্যাংকগুলোর মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগের বিধান রাখা হয়েছে। কিন্তু আইনটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি বাস্তবায়ন হতে ২ বছরও লেগে যেগে পারে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।"
বাজার স্থিতিশীল করতে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার পুঁজিবাজার সমন্বয় কমিটির সঙ্গে বৈঠক হয়।
সমন্বয় কমিটিতে এসইসি ছাড়াও অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ডিএসই, সিএসই, সিডিবিএল ও আইসিবি প্রতিনিধিরা রয়েছেন।
এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, "পুঁজিবাজারে লেনদেন নিস্পত্তির বিষয়টি চার দিনের পরিবর্তে তিন দিনে নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। কমিশন এটি সক্রিয়ভাবে বিবেচনা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এমআই/১৫২০ ঘ.
bdnews24