ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের ব্যবসা বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
মানুষের অঙ্গপ্রত্যঙ্গের ব্যবসার খবর দেখে উৎকণ্ঠা প্রকাশ করে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে এরশাদ বলেন, "অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির ঘটনা আমাদের সভ্য সমাজে কলঙ্ক লেপন করেছে।"
"কিডনি-লিভার নিয়ে ব্যবসার সঙ্গে কিছু চিকিৎসকও জড়িত। চিকিৎসকদের সাহায্য ছাড়া এই নারকীয় কার্যকলাপ সম্পন্ন করা সম্ভব নয়।"
যেসব চিকিৎসক অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করে আইন প্রণয়নের দাবি জানান তিনি।
এছাড়া যেসব হাসপাতাল ও ক্লিনিক এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত সেগুলো অবিলম্বে বন্ধ করারও দাবি জানিয়েছেন তিনি।
জয়পুরহাটে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র অভাবি মানুষদের ফুসলিয়ে টাকার বিনিময়ে কিডনি বিক্রি করিয়ে আসছিল।
ওই চক্রের ছয় সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ পরিস্থিতিতে বেআইনিভাবে কিডনি ও লিভার ব্যবসায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার নেওয়ার সুপারিশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএম/পিডি/২২৫০ ঘ.
bdnews24