ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের ঘটনায় সিগন্যাল সেক্টরের ১৮৭ জওয়ানের মধ্যে খালাস পেয়েছেন পাঁচ জন।
বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড হয়েছে ২০ জনের।
সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে দরবার হলে বিশেষ আদালত-৮ এর প্রধান ও বিজিবির উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান রায় দেন।
রায়ে সর্বনিু চার মাস সাজা হয়েছে পাঁচ জনের। সশ্রম কারাদণ্ডের পাশাপাশি সবার ১০০ টাকা করে জরিমানাও হয়েছে।
দণ্ডাদেশ রায় ঘোষণার সময় থেকে কার্যকর হবে বলে বিচারক জানিয়েছেন।
রায়ে তিনজনকে ছয় বছরের, ১৪জনকে পাঁচ বছরের, দুইজনকে সাড়ে চার বছরের, আটজনকে চার বছরের, ১৬জনকে তিন বছরের, আটজনকে আড়াই বছরের, ২৩জনকে দুই বছরের, ২০জনকে দেড় বছরের, ৩৩জনকে এক বছরের, ৩০জনকে ছয় মাসের এবং পাঁচজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়।
খালাস পাওয়া পাঁচ জন হচ্ছেন ল্যান্স নায়েক মো. ইমান আলী, নায়েক মো. সুরমান আলী, নায়েক মো. আবুল কাশেম, নায়েক এবিএম মুরাদ এবং ল্যান্স লায়েক মো. হেলিম মিয়া।
এদের মধ্যে দুইজন বিডিআর বিদ্রোহে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে পরে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামলার প্রসিকিউটর মেজর মোহাম্মদ আহসান হাবিব জানান, আদালত মনে করেছে তাদের যে অপরাধ সে অনুযায়ী তারা মুিক্ত পেতে পারেন।
তিনি জানান, অন্য কোন মামলা না থাকলে তাদের কর্মস্থলে ফিরে আসার কোনো বাধা নেই।
সকাল পৌনে ১০টায় আদালত বসার পর আবু সায়ীদ খান জানান, রায়ে শস্তির মাত্রা নির্ধারণের ক্ষেত্রে ছয়টি বিষয়কে বিবেচনায় রাখা হয়েছে।
এই ছয়টি বিষয় হলো, সংবিধানের অনুচ্ছেদ ৪৫ এবং ১৫২ মোতাবেক বিজিবির মতো একটি শৃঙ্খলা বাহিনীর জন্য প্রণীত নিজস্ব আইনকে সমুন্নত রাখা, দুই- দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত এই বাহিনীর শৃঙ্খলা রক্ষার জন্য প্রচলিত আইনের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, তিন- অপরাধের প্রকৃতির পাশাপাশি আসামিদের আগের আচরণ, বিদ্রোহের সময় তাদের পদবী এবং নিয়োগ বিবেচনা করা, চার- আসামিদের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ কাজের জন্য কোনো স্বীকৃতি রয়েছে কিনা তা যাচাই করা, পাঁচ- চাকুরির ক্ষেত্রে কোনো পদক পেয়েছেন কিনা এবং পার্বত্য অঞ্চলে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন কিনা এবং ছয়- গ্রেপ্তারের পর হতে আসামিদের এ পর্যন্ত জেল হাজতে থাকার মেয়াদও দেখা হয়েছে।
আসামিদের মধ্যে সুবেদার মেজর আনসার আলি নামে একজন মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বীর প্রতীক। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একজন বীর প্রতীক হিসাবে তিনি কি ছাড় পেলেন সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, এ জন্যই তাকে সর্বোচ্চ সাত না দিয়ে আদালত পাঁচ বছর দিয়েছেন।
রায়ে দুইজন করে নাম ঘোষণার পরপরই আদালতের কাঠগড়া থেকে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়।
বেলা ১১টা ২২ মিনিটে আদালতের রায় পড়া শেষ হয়।
রায় চলাকালে বিজিবির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও দরবার হল জুড়ে র্যাব এবং পুলিশ ছিল।
২০১০ সালের ৬ মে বিশেষ আদালত-৬ এ সিগন্যাল সেক্টরের ১৮৭ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নায়েব সুবেদার আর এম মো. নিয়ামত উল্লাহ খন্দকার।
বিদ্রোহের বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে বিশেষ আদালত পুনর্গঠনের পর মামলাটি বিশেষ আদালত-৮ এ স্থানান্তর করা হয়।
চলতি বছরের ১৩ ফেব্র"য়ারি এ বিদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে ৪ মে শেষ হয়। এতে ৭৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তাদের জেরা করা হয়। ১৮৭ আসামির মধ্যে দুই কার্যদিবসে ১৩ জন আসামির পক্ষে দুই সেনা কর্মকর্তাসহ ২২ জন সাফাই সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার ১১টি ইউনিটের বিরুদ্ধে করা মামলার মধ্যে এ পর্যন্ত পাঁচটির রায় হয়েছে। যার মধ্যে ঢাকা সেক্টরের ৮৬ জনের মধ্যে বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন ৮৪ জন। দুজন মারা গেছেন।
২৪ রাইফেল ব্যাটালিয়ানের ৬৬৬ জনের মধ্যে ৬৫৭ জন বিভিন্ন মেয়াদে দণ্ডিত হয়েছেন। ৯ জন খালাস পেয়েছেন। রাইফেল সিকিউরিটি ইউনিটের (আরএসইউ বর্তমানে বিজিবি সিকিউরিটি ইউনিট) ১১৩ জনের মধ্যে ১০৯ জনের সাজা হয়েছে। ছাড়া পেয়েছেন চার জন। এবং রেকর্ড উইংয়ের ১১১ জনের সবাই দণ্ডিত হয়েছেন।
২০০৯ সালের ফেব্র"য়ারির শেষ দিকে পিলখানায় জওয়ানদের সশস্ত্র বিদ্রোহে প্রাণ হারান অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচার করতে বেশ কয়েকটি আদালত গঠন করা হয়।
পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার হচ্ছে প্রচলিত আইনে। বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনীর নাম বিডিআর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/জিএনএ/১৮১৭ ঘ.
bdnews24