ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তা পানি বণ্টন চুক্তি মনমোহন সিংয়ের চলতি সফরে না হওয়ায় বাংলাদেশিদের 'মনক্ষুন্নœ' না হতে বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
বুধবার রাতে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশের বামপন্থী কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত আগ্রহী। এদেশে সাধারণ মানুষ ভালো থাকুক তা আমরা চাই।"
"তিস্তা পানি বণ্টন চুক্তি এবার না হওয়ায় মনক্ষুণœ হবেন না। ভবিষ্যতে এই বিষয়ে অগ্রগতি হবে বলে আমরা আশাবাদী।"
দেড় ঘণ্টা স্থায়ী এই বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে বাম মোর্চা প্রতিনিধি দলে ছিলেন, কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈনুদ্দীন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস ও কামরুল আহসান।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বৃহস্পতিবার দেশে ফিরে যাবেন।
দুদিনের সফর শেষে মনমোহন বুধবার বিকেলে ঢাকা ছেড়ে গেছেন।
তার এ সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে দুদেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরোধিতার কারণে তা হয়নি।
বৈঠক প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, "ত্রিপুরা ও বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিস্তা নদী পানি বণ্টন চুক্তি না হওয়ায় দুইদেশের জনগণের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হবে।"
মনমোহনের এ সফরে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতকে ট্রানজিট দেওয়া বিষয়ে কোনো সম্মতিপত্র বিনিময় হয়নি। তবে আঞ্চলিক সহযোগিতা বিষয়ক একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষর হয়েছে। স্বাক্ষর হয়েছে কয়েকটি সমঝোতা স্মারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১২৪ ঘ.
bdnews24