২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত ৪৫

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবসের কর্মসূচি পালনকালে পিরোজপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 03:03 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

পিরোজপুর, সেপ্টম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবসের কর্মসূচি পালনকালে পিরোজপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছে। শনিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে বিএনপির ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ৭ মার্চ তারেক রহমানকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করেছিলো তত্ত্বাবধায়ক সরকার। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে কারামুক্তি দিবসের মিছিলটি বের হয়ে শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা বাধা উপেক্ষা করে সামনে অগ্রসর হলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর মিছিরকারীরা পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আহত পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক তাপস রায় চৌধুরী, মো. সোলায়মান, নকীব আক্রাম, পিএসআই মো. রেজাউল ও কনস্টেবল মো. আব্দুল্লাহ। আহত বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, আব্দুস সালাম বাতেন, মুরাদ শেখ, মাসুদ, বাবু, শাহ আলম, রিপন ও মিন্টু। বাকিদের নাম জানা যায়নি। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পিরোজপুর থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, লাঠিসোটা দিয়ে আঘাত এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা করেছেন পুলিশের উপ-পরিদর্শক নকীব আক্রাম। এ ঘটনায় রাসেল পারভেজ রণি ও আরিফ সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৭ ঘ.