২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘু পরিবারে হামলা, ইউপি সদস্য গ্রেপ্তার

এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

কুমিল্লা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার সকালে ভানী ইউপির সাবেক চেয়ারম্যান অজিত দাশের বাড়িতে এ হামলা হয়। হামলাকারীরা মহিলাসহ পরিবারের সদস্যদের মারধর করে। ঘরের মূল্যবান জিনিসপত্র এবং মন্দিরে ভাংচুর চালায়। টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিস লুট করে। হামলাকারীদের মারধরে পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ স্থানীয় ইউপি সদস্যসহ দু'জনকে গ্রেপ্তার করেছে। পরিবারের সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে দেবিদ্বার থানার ওসি স্বপন কুমার নাথ জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভানী গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ'র নেতৃত্বে সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, নূরুল ইসলাম, মমিন মেম্বার, তাজুল ইসলামসহ দুই থেকে তিনশ' লোক একই সাবেক ইউপি চেয়ারম্যান অজিত দাসের বাড়িতে হামলা চালায়। তারা নয়টি ঘরের ২৫টি কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো জানান, হামলাকারীরা 'পাঁচশ' ভরি' স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ২৫ লাখ টাকা, ৩০টি মোবাইল ফোন সেট নিয়ে যায়। সাতটি টিভি, তিনটি রিফ্রিজারেটর, ছয়টি ডিভিডি, একটি জেনারেটর, তাদের মালিকানাধীন ভানী ঈষা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি'র নগদ টাকা, গ্রাহকদের দলিল, কাগজপত্র, ব্যাংকের চেক, আসবাবপত্রসহ সবকিছু ভাংচুর ও নষ্ট করে। তারা দুর্গা মন্দির এবং পূজার ঘরেও ভাঙচুর চালায়। হামলাকারীদের মারধরে আহত হন ভানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম দাসের স্ত্রী লাভলী দাস (৩৫), মেয়ে ঈষা দাস (১০), তার ভাই গৌতম দাসের স্ত্রী রিঙ্কু দাস (৩০), আরেক ভাই স্বপন দাসের মেয়ে প্রিয়া দাস (১০)। হামলাকারীরা দুর্গা মন্দির ভাংচুর করে। পরিবারের আরো কয়েকজন নারী পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। উত্তম দাস, গৌতম দাস ও স্বপন দাস সাবেক ইউপি চেয়ারম্যান অজিত দাসের ভাই। ওসি স্বপন কুমার নাথ বলেন, দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীদের মারধরে পুলিশ কনস্টেবল সরোয়ার ও দারু মিয়া আহত হন। পরে দেবিদ্বার থানা, চান্দিনা থানা এবং কুমিল্লা জেলা পুলিশ লাইন থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওসি আরো বলেন, ইউপি সদস্য আবদুল মমিন এবং নজরুল ইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট টুটুল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানান, গত ৩১ অগাস্ট রাতে ভানী গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আহত ও অজ্ঞান অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরাবাজার এলাকা থেকে উদ্ধার করে মহাসড়ক পুলিশ। তাকে মারধরের জন্য উত্তম দাস ও গৌতম দাসসহ তাদের ভাইদের দায়ী করে এলাকায় প্রচার করে কিছু লোক। শুক্রবার গ্রামে এ বিষয়টি মাইকেও প্রচার করা হয়। এ ব্যাপারে ভানী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উত্তম দাস ও তার ভাই স্বপন দাস জানান, রাজনৈতিক দ্বন্দ্ব এবং ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে গ্রামের একটি মহল তাদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্নভাবে হয়রানি করছে। উত্তম দাসের স্ত্রী লাভলী দাস জানান, "সকালে আমি মেয়েকে পড়ানোর সময় অতর্কিতে সশস্ত্র সন্ত্রাসীরা আমার ঘরে ঢুকে ভাংচুর শুরু করে। বাধা দিলে তারা আমাকে মারধর করে। এদিকে দেবিদ্বার উপজেলা পূজা উদ্যাপন কমিটি'র সভাপতি নারায়ণ দেবনাথ, উপদেষ্টা অমর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিকাশ দাস, চান্দিনা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোসলেম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান জামাল ঘটনাস্থল পরিদর্শন করে এর তীব্র নিন্দা এবং অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.