২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবোচরে আটকা এক ফেরি উদ্ধার

মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মার ডুবোচরে আটকে থাকা একটি ফেরি উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 07:44 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

মুন্সীগঞ্জ/মাদারীপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া-কাওড়াকান্দি নৌপথে পদ্মার ডুবোচরে আটকে থাকা একটি ফেরি উদ্ধার হয়েছে। তবে এখনো এই পথে আরেকটি ফেরি আটকে আছে। ঈদের আগের দিন ডুবোচরে দুটি ফেরি আটকে থাকায় ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বুধবার দুপুর ২টার দিকে রো রো ফেরি খান জাহান আলীকে উদ্ধার করা হয় বলে জানান বিআইডব্লিউটিএ মাওয়া জোনের উপ-পরিচালক আব্দুস সালাম। তিনি বলেন, "খান জাহান আলীকে দুপুর দুইটার পর উদ্ধার করা হয়েছে। ৩২টি যান নিয়ে ফেরিটি গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে।" মঙ্গলবার রাত ১০টায় রো রো ফেরি খান জাহান আলী ৩২টি যানবাহন নিয়ে কাউলিয়ার চর এলাকায় ডুবোচরে আটকে গেলে বিড়ম্বনার মধ্যে পড়েন ঈদে ঘরমুখো মানুষ। রোববার রাত ১০টা থেকে একই পথে ডুবোচরে আটকে পড়ে রয়েছে আরেকটি ডাম্প ফেরি রামশ্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, খান জাহান আলী ফেরিতে প্রায় সহস্রাধিক যাত্রী ছিলো। রাত একটার পর তাদের পুলিশের সহায়তায় কিছু ট্রলারে করে তীরে পৌঁছে দেওয়া হয়। কিন্তু অনেকের গাড়ি ফেরিতে আটকে থাকায় তীরে ফেরার পর যাত্রীদের গন্তেব্যে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বলে জানান তারা। নাব্য সঙ্কটের কারণে খান জাহান আলী সোমবার সকালে পদ্মার ডুবোচরে আটকে যায়। উদ্ধার করার ১০ ঘণ্টার মধ্যেই পুনরায় ডুবোচরে আটকা পড়ে ফেরিটি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান জানান, খান জাহান আলী ফেরিটি কবুতর খোলার কাউলিয়ার চরে আটকা পড়েছে। রাতভর সেটিকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। পরে রাতেই স্পিডবোট ও ট্রলারে করে যাত্রীদের তীরে পৌঁছে দেওয়া হয়। তবে আটকে পড়া গাড়ীর চালকসহ কর্মচারীরা ফেরিতেই ঈদ করে বলে জানান বিআইডব্লিউটিসি'র ওই কর্মকর্তা। এদিকে ৬১ ঘণ্টারও বেশি সময় ধরে একই চ্যানেলের ২৪টি যান নিয়ে ডুবোচরে আটকা আছে ফেরি রামশ্রী। সেটি কবে উদ্ধার হবে তা বলতে পারছেন না কর্মকর্তারা। বিআইডব্লিউটিএ মাওয়া জোনের উপ-পরিচালক আবদুস সালাম জানিয়েছেন, পদ্মার ডুবোচরে আটকে থাকা রামশ্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৬৩৪ ঘ.