২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআই মিরাজুল হত্যা তদন্তে তিন সদস্যের কমিটি

ঝিনাইদহের উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যাকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে ঝিনাইদহ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঝিনাইদহ, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যাকাণ্ড তদন্তে তিন সদস্যের একটি কমিটি করেছে ঝিনাইদহ পুলিশ। পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক রফিকুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দু'সদস্য হলেন- ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল কবির ও ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল হালিম মোল্লা। ঝিনাইদহ ডাক বাংলো পুলিশ ফাঁড়ির এসআই মিরাজুলকে (৪৫) গত মঙ্গলবার রাতে অপহরণের পর হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে হলিধানী এলাকায় ভেটেরিনারি কলেজের কাছে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে তার লাশ পাওয়া যায়। এ হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটির প্রধান শুক্রবার খুলনা থেকে ঝিনাইদহে এসে কাজ শুরু করেছেন। খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ হিমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন এ ঘটনা ঘটলো, কীভাবে ঘটেছে, কোথা থেকে মিরাজুলকে অপহরণ করা হয়েছিলো এবং হত্যাকাণ্ডের পেছনে কী কী কারণ আছে- সব খতিয়ে দেখবে তদন্ত কমিটি।" মিরাজুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতেও পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.