২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিমলের জামিন আবেদন নাকচ

ধর্ষণের মামলার আসামি ভিকারুননিসানূন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধরের জামিন আবেদন ফের নাকচ করেছে আদালত। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের মামলার আসামি ভিকারুননিসানূন স্কুল ও কলেজের শিক্ষক পরিমল জয়ধরের জামিন আবেদন ফের নাকচ করেছে আদালত। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। এছাড়া পরিমলের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য আগামী ১৪ সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের ভারপ্রাপ্ত বিচারক মোস্তফা দেওয়ান পরিমলের জামিন আবেদন নাকচ করে অভিযোগপত্র আমলে নেওয়ার দিন নির্ধারণ করেন। এসময় কারাগার থেকে পরিমলকে আদালতে হাজির করা হয়। মামলার বাদির আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের জ্যেষ্ঠ আইন সমন্বয়ক জিল্লুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্রে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং ওই প্রতিষ্ঠানের বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমানকে বাদ দেওয়ার বিরুদ্ধে বাদি ওই ছাত্রীর বাবা মাহমুদুল হক আদালতে না রাজি আবেদন করেন। ১৪ সেপ্টেম্বর সে আবেদনেরও শুনানি হবে। গত ১৪ অগাস্ট এ মামলার ওই দুই আসামিকে বাদ দিয়ে কেবল পরিমলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পরিদর্শক এস এম শাহাদত হোসেন । না রাজি আবেদনে বাদি মামলাটি পুনরায় মহানগর গোয়েন্দা পুলিশ অথবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে তদন্ত চেয়েছেন। হোসনে আরা বেগম ও লুৎফর রহমানকেও বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি। জিল্লুর রহমান তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, না রাজি আবেদনের বক্তব্যের যৌক্তিকতা থাকলে অভিযোগপত্র গ্রহণ না করে বিচারক মামলাটির পুনঃতদন্তের নির্দেশ দেবেন। শিক্ষক পরিমলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর তার শাস্তি দাবিতে আন্দোলনে নামে ভিকারুননিসার শিক্ষার্থীরা। ছাত্রীদের ক্লাস বর্জনে ঐতিহ্যবাহী ওই শিক্ষা প্রতিষ্ঠান অচল হয়ে পড়লে অধ্যক্ষও পরিবর্তন করা হয়। সাবেক অধ্যক্ষ হোসনে আরার বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ, তিনি পরিমলকে রক্ষার চেষ্টা চালিয়েছিলেন। মাহমুদুল হক গত ৫ জুলাই বাড্ডা থানায় যে মামলা করেন, তাতে পরিমলের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ হোসনে আরা এবং বসুন্ধরা শাখা প্রধান লুৎফর রহমানকেও আসামি করা হয়েছিলো। তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি জানিয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্রে হোসনে আরা ও লুৎফরকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করা হয়েছে। পরিমলকে ৭ জুলাই কেরানীগঞ্জে এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার লাটেংগা গ্রামের বাসিন্দা। ১১ জুলাই পরিমল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ মে বাদির মেয়ে ভিকারুননিসার বসুন্ধরা শাখার পাশে পরিমলের বাড়িতে পড়তে গেলে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের ওই চিত্র মোবাইল ফোনে ধারণ করে পরিমল। ঘটনাটি কাউকে জানালে ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি। একইভাবে পরেও ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ করা হয় মামলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এমআই/১৮২৫ ঘ.