২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে চার পুলিশ প্রত্যাহার

নাটোরের লালপুর-বাঘা সড়কে গণডাকাতির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে লালপুর থানার চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

নাটোর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর-বাঘা সড়কে গণডাকাতির ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে লালপুর থানার চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর তাদের প্রত্যাহারের নির্র্দেশ দেন। শনিবার এ চারজন নাটোর পুলিশ লাইনে যোগ দেন। এরা হলেন লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাত আলী, কনস্টেবল রেজাউল ইসলাম, আব্দুল হালিম ও জামাল উদ্দিন। গত বুধবার রাতে লালপুর উপজেলার তিনখুঁটি এলাকায় কয়েকটি যানবাহনে ডাকাতি হয়। এ সময় একটি মাইক্রোবাসের যাত্রী স্কুলছাত্রের মৃত্যু হয়। এদিকে ওই ডাকাতির ঘটনায় শুক্রবার রাতে এক মাইক্রোবাস চালক বাদী হয়ে লালপুর থানায় মামলা করেছেন। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার চ-িপুর গ্রামের মইদুল (২৮), সান্টু (২৭) ও শাহজাহান (৪৫), লালপুর উপজেলার বসন্তপুর গ্রামের টুটুল (২১) ও বজলুর রহমান (২৮), বেরিলাবাড়ি গ্রামের আবু তালেব (২৫) ও সাজেদুল (২৬) এবং বামন গ্রামের গিয়াস উদ্দিন (২০)। লালপুর থানার ওসি মো. মতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, গণডাকাতির ঘটনায় শুক্রবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর কর্তব্যে অবহেলার দায়ে চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেন তারা। এ চারজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলেও ওসি জানান। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ইসলাম হোসেন জানান, ডাকাতিতে জড়িত সন্দেহে শনিবার ভোরে আটজনকে আটক করা হয়েছে। রোববার তাদের আদালতে হাজির করা হবে। বুধবার রাতে তিনখুঁটি এলাকায় গাড়িতে ডাকাতির সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের অসুস্থ স্কুলছাত্র আল-আমিনকে বহনকারী মাইক্রোবাসটিও তাদের কবলে পড়ে। তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। ডাকাতরা আল-আমিনের মাকে ছুরিকাঘাত এবং বাবাকে পিটিয়ে জখম করলে আতঙ্কে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫০ ঘ.