২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেঞ্চুগঞ্জ সার কারখানার টাকা ছিনতাই, গ্রেপ্তার আরো ৩

সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরো তিনজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে এক লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

মৌলভীবাজার, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরো তিনজন গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে এক লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মৌলভীবাজার মডেল থানা পুলিশ বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের সহায়তা দিয়েছে। এদের দু'জনকে ঢাকার নওয়াবপুর রোডের একটি আবাসিক হোটেল এবং একজনকে মৌলভীবাজারের রাজনগর থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে গ্রেপ্তার হন মৌলভীবাজারের জগন্নাথপুর গ্রামের রোকসান মিয়া (২৩) ও ওয়াপদা গেইট এলাকার শফিকুল ইসলাম লিটন (২৪)। রাজনগর থেকে গ্রেপ্তার করা হয় ওই উপজেলার নজরুল ইসলাম খালিককে (২৬)। বিকালে তাদের ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে গ্রেপ্তার দু'জন হলেন আব্দুল জলিল ও আউয়াল। মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে ফেঞ্চুগঞ্জ সার কারখানার কর্মকর্তা মইজ উদ্দিন শ্রমিকদের বেতনের সাত লাখ টাকা তোলেন জনতা ব্যাংক ফেঞ্চুগঞ্জ শাখা থেকে। টাকা নিয়ে সিএনজি অটোরিকশায় কারখানায় যাওয়ার পথে নয়াবাজার এলাকায় ওই টাকা ছিনতাই হয়। ওইদিন রাতেই আব্দুল জলিলকে ৫০ হাজার টাকাসহ এবং আউয়ালকে একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে পুলিশ। আউয়ালের দেওয়া তথ্যানুযায়ী বুধবার অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৯ ঘ.