ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদের দশম অধিবেশন বসছে বৃহস্পতিবার। অধিবেশন চলাকালীন সংসদ ভবন সংলগ্ন এলাকায় বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
এ অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ও উপজেলা পরিষদ আইন সংশোধন হতে পারে। দিনের কার্যসূচি অনুযায়ী সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোন প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
বুধবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে। বুধবার মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহনগর পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারা অনুযায়ী এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ঘটনাবহুল নবম অধিবেশন শেষ হওয়ার ৪১ দিন পর বর্তমান সংসদের দশম অধিবেশন বসছে। গত ৭ জুলাই সংসদের নবম অধিবেশন শেষ হয়।
গত ৬ জুলাই সকালে বিএনপির হরতালের সময় সংসদ ভবনের সামনে ধস্তাধস্তির পর পুলিশের লাঠিপেটায় আহত হন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
ওই অধিবেশনে বাজেট অনুমোদনের পাশাপাশি ১৯টি সরকারি বিল সংসদে ওঠে; পাস হয় আটটি। এর মধ্যে বহু আলোচিত পঞ্চদশ সংবিধান সংশোধন আইনও রয়েছে।
নবম অধিবেশনে বিরোধী দল অনুপস্থিত ছিলো। 'পরিবেশ নেই'- অভিযোগ করে এর আগের কয়েকটি অধিবেশনেও যোগ দেয়নি তারা। এ অধিবেশনেও বিরোধী দলের যোগদানের বিষয়টিও অনিশ্চিত।
যেসব এলাকায় নিষেধাজ্ঞা
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত। বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত। পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল।
রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং পর্যন্ত। ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত। এছাড়া জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে সব সড়ক ও গলিপথ।
বৃহস্পতিবারের কার্যসূচি
বুধবার সংসদ সচিবালয়ের আইন শাখা (লেজিসলেটিভ সাপোর্ট উইং) জানায়, দিনের কার্যসূচির মধ্যে রয়েছে- সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে নোটিশ প্রদান-নিষ্পত্তি, স্থায়ী কমিটির প্রতিবেদন পেশ ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন।
সকাল ১০টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। কমিটির সভাপতি স্পিকার আবদুল হামিদ এ সভায় সভাপতিত্ব করবেন। বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ চূড়ান্ত হবে।
বর্তমান সংসদে এ পর্যন্ত নয়টি অধিবেশনে কার্যদিবস ছিলো ২৩৭ দিন। এর মধ্যে বিরোধী দল উপস্থিত ছিলো ৫১ দিন।
২০০৮ সালের ২৮ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে নবম সংসদ গঠিত হয়। ২০০৯ সালের ২৫ জানুয়ারি এ সংসদের প্রথম অধিবেশন বসে।
এ পর্যন্ত ১১টি বিল জমা
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দশম অধিবেশনের জন্য মঙ্গলবার পর্যন্ত ১১টি বিল জমা পড়েছে। এসব বিলের মধ্যে ৭টি কমিটিতে বিবেচনাধীন আছে। উত্থাপনের অপেক্ষায় আছে একটি এবং পাসের অপেক্ষায় আছে আরো তিনটি বিল।
বিলগুলো হচ্ছে- অর্পিত সম্পত্তি প্রত্যর্পন (সংশোধন) বিল-২০১০, ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল, ২০১১, আর্থিক প্রতিষ্ঠান (সংশোধন) বিল, ২০১০, উপজেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১১, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল, ২০১১, ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুর্নবাসন) বিল, ২০১১, আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০১১, আদালত অবমাননা বিল, ২০১১, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ বিল, ২০১১, বন্যপ্রাণী (সংরক্ষণ) বিল ২০১১ ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল, ২০১১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এলএইচ/এমআই/পিডি/২২১০ ঘ.
bdnews24