মুন্সীগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল রাস্তার জন্য এবার মুন্সীগঞ্জ-সিরাজদিখান-ঢাকা সড়কে বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি।
বুধবার বিকাল থেকে এই পথে বাস চলাচল বন্ধ রয়েছে।
মুন্সীগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ ব্যাপারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের যে নাজুক পরিস্থিতি তাতে বাস চালানো সম্ভব নয়। বুধবার মালিক সমিতি ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে ঢাকা-সিরাজদিখান-মুন্সীগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংস্কার না হলে এ রাস্তায় বাস চলবে না বলেও জানান তিনি।
দিঘিরপাড় পরিবহনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জগলুল হালদার জানান, এটি কোনো ধর্মঘট নয়। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত তারা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
মুন্সীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত আট কিলোমিটার রাস্তায় ইটের সুরকি ফেলা শুরু হয়েছে। পরিবহন মালিকরা সংস্কার শেষ না হওয়া পর্যন্ত বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে বুধবার ভোরে একটি ট্রাক ও কভার্ডভ্যান গর্তে পড়ে বিকল হলে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে নয় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২০৩ ঘ.
bdnews24