২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের টিকিট বিক্রি ২২ অগাস্ট থেকে

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ অগাস্ট থেকে চট্টগ্রামে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ অগাস্ট থেকে চট্টগ্রামে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। প্রতি বছরের মতো এবারো চাঁদপুর এবং কুমিল্লা রুটে বিশেষ ট্রেন চালু করা হবে। ২২ থেকে ২৬ অগাস্ট পর্যন্ত মোট পাঁচ দিন অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আগামী ২২ অগাস্ট দেওয়া হবে ২৬ তারিখের টিকিট। পর্যায়ক্রমে ২৩ অগাস্ট দেওয়া হবে ২৭ তারিখের, ২৪ অগাস্ট ২৮ তারিখের, ২৫ অগাস্ট ২৯ তারিখের এবং ২৬ অগাস্ট দেওয়া হবে ৩০ অগাস্টের টিকিটি। আন্তঃনগরের আট জোড়া এবং পাঁচ জোড়া মেইল ট্রেনে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার যাত্রী চট্টগ্রাম ছেড়ে যেতে পারবে। এছাড়া কুমিল্লা এবং চাঁদপুরগামী দুই জোড়া বিশেষ ট্রেনে আরো আড়াই হাজার যাত্রী যাওয়া-আসা করতে পারবে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ব্যবস্থাপক (বাণিজ্যিক-সিসিএম) মো. হাবিবুর রহামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২২ অগাস্ট সকাল ৯টা থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, যা পাঁচ দিন চলবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবে। চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বগি সংযোজন ও স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হবে বলে জানান তিনি। চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে আট জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া পাঁচ জোড়া মেইল ট্রেনও রয়েছে। তিনি বলেন, ৮ জোড়া আন্তঃনগর ট্রেনের মধ্যে সূবর্ণ এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা, মহানগর প্রভাতি ৭টা ২০ মিনিট, চট্টলা এক্সপ্রেস সকাল সাড়ে ৯টা, মহানগর গোধূলি বিকাল ৩টা, উনয়ন এক্সপ্রেস রাত ৯টা এবং তূর্ণা নিশীতা রাত ১১টায় ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। পাহাড়িকা প্রতিদিন সকাল ৮টা এবং মেঘনা এক্সপ্রেস বিকাল ৫টায় সিলেটের উদ্দেশে চট্টগ্রাম ছাড়ে। পাঁচ জোড়া মেইল ট্রেনের মধ্যে রয়েছে সাগরিকা, কর্ণফুলী, ময়মনসিংহ এক্সপ্রেস, ঢাকা মেইল ও জালালাবাদ এক্সপ্রেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এমআই/১৪০৬ ঘ.