ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের অধিকার প্রতিষ্ঠায় ইউনিসেফের হয়ে কাজ করবেন দেশের শীর্ষ জাদুশিল্পী জুয়েল আইচ ও চলচ্চিত্র অভিনেত্রী আরিফা জামান মৌসুমী।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই দুই তারকাকে 'ইউনিসেফ অ্যাডভোকেট' হিসেবে পরিচয় করিয়ে দেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারেল ডি রয়।
তিনি বলেন, "শিশুদের বিষয়ে তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে আমি নিশ্চিত এই দুই তারকা বাংলাদেশে শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সুদৃঢ় ও অর্থবহ ভূমিকা রাখবেন।"
পরে দারিদ্র্যের নির্মম কষাঘাতের সাক্ষী সিলভিয়া আখতার আশ্রয়হীন শিশুদের দুঃসহ জীবনের কথা তুলে ধরেন। পাশাপাশি দুই তারকাকে এসব বঞ্চিত শিশুদের দুঃখ-দুর্দশা নিয়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের 'আমাকে বাঁচতে দাও, আমাকে বাড়তে দাও' শিরোনামের পাঁচ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে বঞ্চিত শিশুদের জীবন সংগ্রাম তুলে ধরেছেন ১৩ অগাস্ট সড়ক দুর্ঘটনায় নিহত এই চলচ্চিত্র নির্মাতা।
জুয়েল আইচ বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকেই আমি শিশুদের জন্য কাজ করার স্বপ্ন দেখে আসছি।
এই তারকা জাদুশিল্পী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।
"যুদ্ধে আহত হলে যখন উদ্বাস্তু শিবিরে ছিলাম, তখন জাদু শিল্পের মাধ্যমে শিশুদের অনুপ্রাণিত করার কাজ করেছি। এখন আমি শিশুদের অধিকারের বিষয়ে জনসচেতনতা প্রতিষ্ঠায় কাজ করবো।"
শিশুদের মঙ্গলের জন্য কাজ করার ইচ্ছার কথা ব্যক্ত করে মৌসুমী বলেন, "আমার আশেপাশে বঞ্চিত শিশুদের দেখলে খুবই কষ্ট হয়। এখন আমি এই বঞ্চিতদের জন্য কাজ করবো।"
ইউনিসেফের কমিউনিকেশন উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফা এস শারমিন পরিসংখ্যান তুলে ধরে বলেন, পরম্পরাগত নিয়মাবলী, সচেতনতার অভাব এসব শিশুদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান অন্তরায়।
এসব বঞ্চিত শিশুদের বিষয়ে নজর দেওয়া না হলে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা দারিদ্র্যের এই চক্র ভাঙা সম্ভব হবে না বলে মন্তব্য করেন ইউনিসেফ প্রতিনিধি।
"আর এতে তারা সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/২০৫১ ঘ.
bdnews24