২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ওরা বঙ্গবন্ধুকে মারলো কেন বাবা'

ওরা বঙ্গবন্ধুকে এভাবে মারলো কেন বাবা? আমার খুব খারাপ লাগছে- বাবার সঙ্গে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে সজল চোখে কথাগুলো বলছিলো ছয় বছরের শিশু সুহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওরা বঙ্গবন্ধুকে এভাবে মারলো কেন বাবা? আমার খুব খারাপ লাগছে- বাবার সঙ্গে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে সজল চোখে কথাগুলো বলছিলো ছয় বছরের শিশু সুহা। পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে বাড়িতে জীবন দিতে হয়েছিলো এখন সেটিই 'বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর'। দোতলায় ওঠার মূল সিঁড়িতে পড়ে ছিলো বঙ্গবন্ধুর রক্তাক্ত মৃতদেহ। যে কথা কল্পনা করে কেঁদে ওঠে ছয় বছরের শিশুও। জানতে সেই হত্যার কারণ। নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে আছে এই বাড়িটি। দোতলায় দেয়াল থেকে শুরু করে প্রায় সর্বত্র গুলির চিহ্ন। বঙ্গবন্ধুর শোবার ঘরে একসঙ্গে পড়ে ছিলো শেখ কামাল, শেখ জামাল, বেগম মুজিব, পুত্রবধূ সুলতানা, রোজীসহ শিশু রাসেলের লাশ। এখনো ছাদে লেগে আছে গুলির সঙ্গে বেরিয়ে যাওয়া মগজ আর চুল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কক্ষটিতে থাকতেন সেখানে এখনো রক্তের ছোপ ছোপ দাগ। দরজার বাইরেই দেয়ালে ঝোলানো একটি ফটোগ্রাফে কুবতরের ঘরের সামনে ওদের খাবার খাওয়া দেখছেন বঙ্গবন্ধু। স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান জানান, প্রতিদিন কমপক্ষে হাজারখানেক মানুষ ভিড় জমান এই ঐতিহাসিক বাড়িতে। '৬৯ এর গণঅভ্যুত্থান, '৭০ এর নির্বাচন, '৭১ এর মার্চের অসহযোগ আন্দোলনসহ বাঙালির স্বাধিকার আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলো এই বাড়িটি। "৭ মার্চের পর থেকে গোটা দেশ পরিচালিত হতো এই বাড়ি থেকে", যোগ করেন তিনি। ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এ বাড়ি দেখতে এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে যশোর থেকে এসেছেন চিকিৎসক মাহাবুব উর রহমান। তিনি বললেন, "এতো বড় মাপের একজন মানুষ হয়েও তিনি কতখানি সাধারণ জীবনযাপন করতেন এখানে না এলে বুঝতে পারতাম না। অথচ এমন একজন মানুষকে, তার পরিবারের সদস্যদের এরকম নৃশংসভাবে হত্যা করা হলো!" চিকিৎসক মাহাবুবের এ কথাগুলোর সঙ্গে যেন ক্ষোভ ঝরে পড়ছিলো। শুধু মাহাবুব কেন শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগই পলাতক খুনিদের ফাঁসি চাইলেন। সপরিবারে আসা সরকারি চাকুরীজীবী শফিকুর রহমান ক্ষুব্ধ কণ্ঠে বললেন, "সব খুনির ফাঁসি না হলে দেশ কলঙ্কমুক্ত হবে না। আর বর্তমানে যারা এর বিরোধিতা করছেন তাদেরও শাস্তি হওয়া উচিত। আমাদের মনে রাখা উচিত এরকম হত্যাকাণ্ডে জড়িতরা মানুষের পর্যায়ে পড়ে না।" আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এরই মধ্যে জানিয়েছেন, খুনিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই তাদের ফেরত আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৭২৩ ঘ.