ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ও এফডিসিতে জানাজা শেষে তারেক মাসুদ ও আশফাক মুনীরের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে রাখা হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে তাদের মরদেহ এখানে নিয়ে আসা হয়।
দুপুর পৌনে ৩টার দিকে তারেক মাসুদের মা নেহার চৌধুরী (৮০) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুরের গ্রামের বাড়ি থেকে সরাসরি মরচুয়ারির সামনে আসেন ছেলেকে শেষবার দেখার জন্য। ছেলের মৃত্যুর সংবাদ একদিন পর জানানো হয় তাকে। এ সময় তিনি বিলাপ করতে থাকেন। হৃদয় বিদারক এক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত সবাইকে চোখ মুছতে দেখা যায়।
পরে ৩টার দিকে দুজনের মরদেহ হিমঘরে রাখা হয়।
উভয়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মুনীরের মরদেহ মঙ্গলবার বনানী কবরস্থানে সমাহিত করা হবে। আর মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের মা আগামীকাল বাংলাদেশ আসছেন। তারপর মাসুদকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্দা নিবেদন শেষে বেলা পৌনে ১টার দিকে দুজনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিয়ে আসা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।
দুপুর দেড়টায় বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় মসজিদে মাসুদ-মুনীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দুপুর ২টার দিকে তাদের মরদেহ নিয়ে যাওয়া হয় এফডিসিতে। সেখানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এফডিসি'র কর্মকর্তা-শিল্পী-কলাকুশলীরা অংশ নেয়। আড়াইটার দিকে আর মাসুদ-মুনীরের মরদেহ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।
এর আগে দেশের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, লেখক-শিল্পী-সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা দুই কৃতীকে শহীদ মিনারে শ্রদ্ধা জানান। বেলা সাড়ে ১২টায় শহীদ মিনারে সর্বশেষ শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সকাল ১০টার পর তাদের মরদেহ কারওয়ান বাজারে এটিএন নিউজ কার্যালয়ের সামনে আনা হয়। সকাল সোয়া ১০টার দিকে তাদের মরদেহ নিয়ে শহীদ মিনারে নিয়ে আসা হয়।
শহীদ মিনারে দুজনের মরদেহ নিয়ে আসা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। অনেকে সপরিবারেরও দুজনকে শ্রদ্ধা জানাতে এসেছেন।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষ থেকে তাদের মরদেহে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তার ব্যক্তিগত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আব্দুস সোবহান গোলাপ ও সাইফুজ্জামান শিখর শ্রদ্ধা নিবেদন করেন।
দুজনের প্রতি শহীদ মিনারে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এলামনাই এসোসিয়েশন। পরে একে একে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, সেক্টর কমান্ডার্স ফোরাম, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ ছাত্রলীগ ও একুশে টেলিভিশন শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আওয়ামী লীগের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি, বিএনপি'র পক্ষে সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের পক্ষে হাসানুল হক ইনু শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গণপূর্ত প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, নাট্য ব্যাক্তিত্ব রামেন্দু মজুমদার, অর্থনীতিবিদ আবুল বারাকাত, নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, রোকেয়া প্রাচী, চিত্রলেখা গুহ, ইনামূল হক, বিটিভি মহাপরিচালক, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, উদীচী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, পেশাজীবী সমন্বয় পরিষদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ফরিদা আক্তার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বিচারপতি গোলাম রাব্বানী ও শাহরিয়ার কবীর, মহানগর আওয়ামী লীগ, বিজিএমইএ, বাংলাদেশ বেতার, এফডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বেচ্ছাসেবক লীগ, আবৃতি সমন্বয় পরিষদ, চলচ্চিত্র পরিচালক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, দৈনিক মানবজমিন, দৈনিক সমকাল, দি ডেইলি স্টার, জাতীয় কবিতা পরিষদ, জাতীয় জাদুঘর।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক (মিশুক) মুনীরসহ পাঁচজন নিহত হন।
দুর্ঘটনায় নিহত বাকি তিনজন হলেন, মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।
তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেকের প্রোডাকশন ইউনিটের সহকারী সাইদুল ইসলামও আহত হন এ দুর্ঘটনায়। তাদের রাজধানীর স্কয়ার হাসপাতালের ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/সিএস/আরএ/পিডি/১৫২২ ঘ.
bdnews24